কবরস্থানের ওপর দেশ চালাবেন, বিরোধীদলকে কাদের
বিরোধীদলের সাম্প্রতিক আন্দোলনে নাশকতার শিকার হয়ে ৪০ জন চালক মারা গেছেন জানিয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় আসার জন্য এ ধরনের সহিংসতায় দেশ ধ্বংস হয়ে যাচ্ছে; তারা কি কবরস্থানের ওপর দেশ চালাবেন।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “গত কয়েক মাসের আন্দোলনে ৪০ জন ড্রাইভার মৃত্যুবরণ করেছে, পরিবহন ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন। লক্ষ লক্ষ পরিবহন শ্রমিক আজ বেকার।
“যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারা কি দেশকে ধ্বংস করে কবরস্থানের ওপর দেশ চালাবেন,” বিরোধীদলের প্রতি প্রশ্ন রাখেন মন্ত্রী।
ক্ষমতায় যাবার জন্য নিষ্ঠুর রাজনীতির যে নৃশংস কৌশল তা থেকে সবার বেরিয়ে আসা উচিৎ বলেও মন্তব্য করেন যোগাযোগ মন্ত্রী।
নির্বাচন নিয়ে বিরোধীদলের সাথে সমঝোতার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, “এ ব্যাপারে তৎপরতা চলছে, চেষ্টা অব্যাহত রয়েছে।”
এ সময় তিনি গত কয়েকদিনে আগুনে পোড়া রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নৌ-পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের পরিচালক ডা. সামন্ত লাল সেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ প্রশাসনিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
