এরশাদ চান ৪৫ মিনিট
জাতির উদ্দেশ্যে এরশাদের ভাষণের জন্য রেডিও টেলিভিশনে ন্যূনতম ৪৫ মিনিট বরাদ্দ চেয়েছে জাতীয় পার্টি।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা অন্তত ১০ দিন বাড়ানোরও দাবি এসেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভরায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
সুনীল বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী এবং পার্টির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুদ পারভেজ সোহেল রানার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ছয় দফা দাবিসহ নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন।
এই ছয় দফা দাবির মধ্যে রেডিও টেলিভিশনে চেয়ারম্যানের ভাষণের জন্য ৪৫ মিনিট দাবি এবং মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১০ দিন বাড়ানোসহ অন্যান্য দাবিগুলো হল- পূর্বে নিয়োগকৃত ডিসি, এসপি, প্রত্যেক থানার ওসি এবং ইউএনও রদবদলের মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, সারা দেশে সেনা মোতায়েনসহ নির্বাচন পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত সেনা বহাল রাখা ও সেনা বাহিনীকে মেজিস্ট্রেসি প্রদান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মনোনয়ন দাখিলের ক্ষেত্রে ‘নমনীয়তা’ অবলম্বন করা, ‘ছোটখাট’ ত্রুটি বিচ্যুতি এড়িয়ে যাওয়া।
সম্প্রতি নির্বাচনে অংশগ্রহণের ঘোষনা দেয়া জাতীয় পার্টির প্রেসিডেন্ট গত শুক্রবার দলের প্রার্থী মনোনয়ন বাছাইয়ের অনুষ্ঠানে বলেন, নির্বাচনের জন্য ‘সুষ্টু পরিবেশ’ নিশ্চিত না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না।
দেশব্যাপী চলমান সহিংসতায় নিজ দলের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে সুনীল শুভরায় বলেন, “আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছি। কিন্তু গত শুক্রবার চেয়ারম্যান যেসব কথা বলেছেন, তার ভিত্তিতেই এই দাবিগুলো চিফ ইলেকশন কমিশনার বরাবর জানানো হয়েছে।”
প্রধান নির্বাচন কমিশনার এই দাবিসমূহ বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেও জানান সুনীল।
