বিএনপি কার্যালয়ে লুটপাটের অভিযোগ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মূলবান কাগজপত্র ও দলীয় তহবিলের টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
শনিবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। মাহবুব উদ্দিন খোকন ওই ফোরামের মহাসচিব।
তিনি বলেন, ভোর রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বেলাল আহাম্মদকে সন্ত্রাসী কায়দার গ্রেপ্তার করা হয়েছে। কোন ধরনের সার্চ ওয়ারেন্ট ছাড়াই আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী বেআইনিভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছে অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে। অফিসে রক্ষিত মূল্যবান কাগজপত্রসহ দলীয় তহবিলের টাকা লুটপাট করে নিয়ে গেছে।
“আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার নির্দেশে কাজ করছে, তা দেশের মানুষ জানে না। নির্বাচন কমিশন বলছে, প্রশাসন, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী তারা নিয়ন্ত্রণ করছে। বাস্তবে প্রধানমন্ত্রীর নির্দেশেই প্রশাসন কাজ করছে। এটা নির্দলীয় সরকারের যৌক্তিকতা প্রমাণ করে।”
শেখ হাসিনাকে দেশের প্রধান সমস্যা হিসাবে আখ্যায়িত করেন তিনি বলেন, তার কারণে দেশের গণতন্ত্র হুমকির সম্মুখীন। বিচারকরাও স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা অবিলম্বে রিজভীসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, নির্বাচনী তফসিল স্থগিত করে নির্দলীয় সরকার ব্যবস্থায় নির্বাচনের দাবি জানাচ্ছি।”
খোকন বলেন, আমরা শাহবাগে জলন্ত বাসে সন্ত্রাসীদের অগ্নিসংযোগের তীব্র নিন্দা করছি। এই ঘটনাকে বিরোধী দলকে ব্যবহারের হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন না। করলে ধরে নেয়া হবে, সরকারের পৃষ্ঠপোষকতায় ও উস্কানিতে এই ঘটনা সংগঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির সহ আইন সম্পাদক নিতাই রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, মির্জা আল মাহমুদ প্রমুখ।
