২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালেই চিঠি পাবেন আ.লীগের প্রার্থীরা

দশম নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়বেন তাদের হাতে শুক্রবার বিকালেই দলীয় মনোনয়নের চিঠি তুলে দেয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 01:29 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানান, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরের পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের হাতে এই চিঠি তুলে দেবেন।

Image
১১ নভেম্বর শেখ হাসিনার নামে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন সৈয়দ আশরাফুল ইসলাম

১১ নভেম্বর শেখ হাসিনার নামে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন সৈয়দ আশরাফুল ইসলাম

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত বুধবার থেকে দুই দিনের টানা বৈঠকে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে ক্ষমতাসীন দলটির পার্লামেন্টারি বোর্ড।

এই বোর্ডের সদস্য তোফায়েল আহমদ গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, আওয়ামী লীগ ৩০০ আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করবে। তারপর ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির আলোচনায় যাবে।

৫ জানুয়ারি ভোট অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন যে তফসিল দিয়েছে, তাতে মনোনয়নপত্র জমা দেয়ার জন্য সময় রয়েছে ২ ডিসেম্বর পর্যন্ত।

অর্থাৎ আগামী সোমবারের মধ্যে প্রার্থী মনোনয়নের বিষয়ে শরিকদের সঙ্গে সমঝোতায় আসতে হবে আওয়ামী লীগকে। 

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্ট্র্যাটিজিক কারণে আমরা এখন ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীদের চিঠি দিচ্ছি। ১৪ দলের সঙ্গে আলোচনা করে আমরা যেসব আসনে ছেড়ে দেব, সেসব আসনে আমাদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।”

৫ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বেঁধে দিয়েছে নিবাচন কমিশন।

পুরনো খবর:

আ. লীগের ১৪০ আসনের প্রার্থী ‘চূড়ান্ত’
৫ জানুয়ারি ভোট
শেখ হাসিনাকে প্রার্থী চায় রংপুর আওয়ামী লীগও