আ. লীগের ১৪০ আসনের প্রার্থী ‘চূড়ান্ত’
রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যে প্রায় ১৪০টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড।
পার্লামেন্টারি বোর্ডের বুধবারের বৈঠকে থাকা এক নেতা এই তথ্য জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ৩০০ আসনের প্রার্থীই চূড়ান্ত করা হবে।
বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ১১টার পর এই বৈঠক শুরু হলেও মুলতবি হয়ে বিকালে শেখ হাসিনার সরকারি বাড়ি গণভবনে শুরু হয়ে রাত পৌনে ১১টা পর্যন্ত চলে।
রংপুর বিভাগে তিনটি এবং রাজশাহী বিভাগে ১১টি আসনে প্রার্থী পরিবর্তন বলে জানিয়েছেন এক নেতা।
রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ-১ ও ২, রাজশাহী-৩ ও ৬, নাটোর-১, জয়পুরহাট-১, বগুড়া-২,৩ ও ৪, সিরাজগঞ্জ-১ ও ২ এবং রংপুর বিভাগে গাইবান্ধা-১ ও ২ ও কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী পরিবর্তন হতে পারে।
আলাদা নির্বাচন করলে রংপুর বিভাগে জাতীয় পার্টিকে ছাড় দেয়ার কথা আলোচনাও হয়েছে বলে বৈঠকে অংশ নেয়া ওই নেতা জানান।
