শেখ হাসিনাকে প্রার্থী চায় রংপুর আওয়ামী লীগও
শ্বশুর বাড়ি রংপুরের আওয়ামী লীগ নেতারাও শেখ হাসিনাকে আগামী সংসদ নির্বাচনে তাদের এলাকায় প্রার্থী দেখতে চাইছে।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন সোমবার রংপুর-৬ আসনে দলীয় প্রধানের জন্য তা সংগ্রহ করেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও ওই জেলার সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান।
ওই সময় উপস্থিত রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “একজন প্রধানমন্ত্রীকে সংসদ সদস্য হিসাবে পাওয়া আমাদের রংপুরবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। প্রধানমন্ত্রীর জন্য আমরা সকলে একসাথে কাজ করব।”
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বামী প্রয়াত ওয়াজেদ মিয়ার এলাকা থেকে দুই বার নির্বাচন করেন। প্রথমবার পরাজিত হলেও দ্বিতীবার বিজয়ী হন।
২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা রংপুর-৬ আসনের পাশাপাশি পৈত্রিক এলাকা গোপালগঞ্জ এবং বাগেরহাটের একটি আসনে বিজয়ী হন। পরে গোপালগঞ্জের আসনটি রেখে অন্য দুটি ছেড়ে দেন তিনি।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
১১ নভেম্বর শেখ হাসিনার নামে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন সৈয়দ আশরাফুল ইসলাম
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কেনার জন্য দ্বিতীয় দিনও ভিড় ছিল। নৌকা প্রতীকের প্রার্থী হতে ইচ্ছুকরা মিছিল নিয়ে এসে সদলবলে নিজের জন্য মনোনয়ন ফরম কেনেন।
আওয়ামী লীগ কার্যালয় থেকে জানানো হয়, প্রথম দিন ৬৭৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২১৫, রংপুরে ৮০, রাজশাহীতে ৭৫, খুলনাতে ৯৫, চট্টগ্রামে ১০৩, বরিশালের ৫৮, সিলেট বিভাগের জন্য ৫২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলনের কারণে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে।
