২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জানুয়ারি ভোট

নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার ও বিরোধী দলের মতদ্বন্দ্বের মধ্যে ভোটে সবার অংশগ্রহণের প্রত্যাশা রেখে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 07:55 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

অবরোধের ডাক, তফসিল স্থগিতের দাবি বিএনপির
বিএনপিও নির্বাচনে আসবে: হানিফ
অপেক্ষার সময় ছিল না: সিইসি
ভোটে থাকছে সেনাবাহিনী
মন্ত্রী-এমপিদের সরকারি সুবিধা নিয়ে প্রচারে নিষেধাজ্ঞা

সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ঘোষিত এই তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি হবে ভোটগ্রহণ, মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। ৫ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই হবে, প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। রাজনৈতিক সমঝোতার জন্য এই তফসিল স্থগিতের দাবিও জানিয়ে তারা।

অন্যদিকে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ, যারা ‘সর্বদলীয়’ সরকারে যোগ দিয়ে বিএনপিকেও নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে আসছিল।

বিরোধী দল প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আগেই তফসিলের প্রতিক্রিয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভাংচুর এবং গাড়ি পোড়ানো শুরু হয়। এই সহিংসতায় রাজধানীতে মারাও গেছেন এক রিকশাচালক। কুমিল্লায় নিহত হয়েছেন এক ছাত্রদলকর্মী।

রাজধানীর রাজপথে একদিকে জ্বালাও-পোড়াও চললেও তফসিলকে স্বাগত জানিয়ে মিছিলে নামে আওয়ামী লীগের নেতা-কর্মীরা; যার নেতৃত্বে দেখা গেছে সংসদ সদস্যদের, যারা আগামী নির্বাচনেও প্রার্থী হতে তৎপর।

বিরোধী দলের অব্যাহত সমালোচনার মুখেও তফসিল ঘোষণার ভাষণে সিইসি কাজী রকিব দৃঢ়তার সঙ্গে বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন করতে কোনো ধরনের ঘাটতি রাখবেন না তারা।

“আমি ব্যক্তিগতভাবে সবাইকে আশ্বস্ত করতে চাই, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা গ্রহণ করব।”

আচরণ বিধি সংশোধনের মাধ্যমে সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করা হয়েছে বলে বিরোধী দলকে আশ্বস্ত করেছেন কাজী রকীব; বলেছেন, সেনা মোতায়েন থাকবে নির্বাচনে।

দলগুলোকে নির্বাচনে ডাকার পাশাপাশি ভোটারদের প্রতি তার আহ্বান- “আপনারা যাতে ঘর থেকে বেরিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে এবং ভোট প্রদান করে নিশ্চিন্তে ঘরে ফিরে আসতে পারেন, সে ব্যপারে যা যা করার দরকার, আমরা তাই করব।”

ভাষণের শুরুতেই রাজনৈতিক সমঝোতার জন্য দলগুলোর প্রতি বারবার জানানো আহ্বানের কথা দেশবাসীর কাছে তুলে ধরেন সিইসি।

সমঝোতার প্রত্যাশা থাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তফসিল ঘোষণার বিকল্প ছিল না বলে জানান তিনি। 

“এতদিন আমরা অপেক্ষা করেছিলাম, একটা রাজনৈতিক সমঝোতার জন্য। আমাদের হাতে বিলম্ব করার মতো সময় আর নেই। তাই আমি আজ দশম জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছি।”

জনগণ নির্বাচন চায় মন্তব্য করে কাজী রকিব আশা করেছেন, জনগণের এই প্রত্যাশা কোনো দলই ‘উপেক্ষা’ করবে না।

সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন করতে হবে। বিএনপি রাজনৈতিক সমঝোতার জন্য তফসিল স্থগিত রাখার দাবি জানিয়েছে।

নবম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির জন্য তিনবার তাতে পরিবর্তন এনেছিল তৎকালীন নির্বাচন কমিশন। অন্যদিকে ২০০৭ সালে বাতিল হওয়া নির্বাচনের তফসিল আওয়ামী লীগের জন্য কয়েক দফা পরিবর্তন করা হয়েছিল।

নির্বাচনকালে মন্ত্রী ও সংসদ সদস্যরা স্বপদে থাকবে বলে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত হবে না বলে যে আপত্তি জানিয়ে আসছে বিএনপি, সেই সমস্যার সমাধান হিসেবে আচরণ বিধি সংশোধনের কথা তুলে ধরেন সিইসি।

সংশোধিত আচরণ বিধি অনুযায়ী মন্ত্রী ও সংসদ সদস্যরা সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না জানিয়ে তার কঠোর প্রয়োগের ঘোষণাও দেন তিনি।

“আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই যে, নির্বাচন আচরণ বিধি প্রয়োগে কোনো ছাড় দেয়া হবে না। কে কোন পদে আছেন, তা দেখা হবে না।”

“তিনি কোন আচরণ বিধি ভঙ্গ করলেন, শুধু সেটাই দেখা হবে এবং সে মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে,”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও অন্যান্য সরকারি সুবিধাভোগী বিশেষ গুরুত্বপুর্ণ ব্যক্তিবর্গকে নির্বাচন-পূর্ব সময়ে কিছু কিছু নিষেধাজ্ঞার আওতায় এনে সকলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতের নিমিত্তে আচরণবিধিতে কিছু সংশোধন আনা হয়েছে,বলেন সিইসি।

আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য মন্ত্রীরা সরকারি সুবিধা নিয়ে প্রচার চালাতে না পারলেও ‘প্রাপ্যতা’ অনুযায়ী তারা নিরাপত্তা পাবেন।

নির্বাচনের আগে সংসদ সদস্যরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিতে পারবেন না। তারা তাদের ইচ্ছাধীন তহবিল বা তাদের অধীনস্থ অন্য কোনো তহবিল থেকে কোনো অর্থ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে দিতে পারবেন না।

নির্বাচনী আইন ও আচরণবিধির বিভিন্ন বিষয় তুলে ধরে তা মেনে নিতে এবং নেতাকর্মীদের তা মেনে চলতে বাধ্য করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সিইসি।

“আমি আবারো সকল মহলকে স্মরণ করে দিচ্ছি যে আচরণবিধির কোনো ব্যত্যয় কোনোভাবেই বরাদাশত করা হবে না,” বলেন কাজী রকিব।

Image
২০০৮ সালে সংসদ নির্বাচনের দিন ঢাকার রাজপথে সেনাটহল।

২০০৮ সালে সংসদ নির্বাচনের দিন ঢাকার রাজপথে সেনাটহল।

Image
২০০৮ সালের নির্বাচনে একটি কেন্দ্রে অপেক্ষমান ভোটাররা।

২০০৮ সালের নির্বাচনে একটি কেন্দ্রে অপেক্ষমান ভোটাররা।

বিরোধী দল স্থানীয় নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে এলেও তা ‍উপেক্ষা করে গিয়েছিল ইসি। তবে সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সিইসি।

তিনি বলেন, একই দিনে সারা দেশে ৩০০ সংসদীয় আসনে নির্বাচন আয়োজন ‘অত্যন্ত দুরূহ’। তাছাড়া ভোটার সংখ্যাও অত্যন্ত ‘বিশাল’।

“তাই প্রতিবারের মতো এবারও দশম জাতীয় সংসদ নির্বাচনে ভিডিপি, আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সাথে সকলের প্রিয় ও আস্থাভাজন সশস্ত্র বাহিনীকেও নির্বাচনের জন্য দেশব্যাপী মোতায়েন করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।”

ইসি কর্মকর্তারা বলছেন, দেশের ৩০০ আসনের নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর ৫ লাখেরও বেশি সদস্য প্রয়োজন হয়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনেও সশস্ত্রবাহিনীর প্রায় ৫০ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছিল।

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ৬৫৪টি নির্বাচন সফলভাবে অনুষ্ঠানের তথ্য তুলে ধরে সংসদ নির্বাচনের ক্ষেত্রেও একই সফলতা আশা করছেন কাজী রকিব।

দেশের ৩০০ সংসদীয় আসনের জন্য এবার অন্তত ৭০ জন রিটার্নিং কর্মকর্তা ও ৬০০ সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ হবে। বরাবরের মতো এবারো রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়োগ দেয়া হচ্ছে।

৯ কোটি ১৯ লাখেরও বেশি ভোটারের জন্য ভোটকেন্দ্র ৩৭ হাজার ৭১১টি, ভোটকক্ষ ১ লাখ ৮৯ হাজার ৫৩টি, ভোটগ্রহণ কর্মকর্তা ৬ লাখ ৬৫ হাজার ৩৫৯ জন প্রস্তুত থাকবে।

নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “দেশের ঋণ পরিশোধ করার জন্য আজ  ডাক এসেছে। সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্ভয়ে আইন মোতাবেক কাজ করুন।”

ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিয়ে ঘরে ফিরতে পারেন তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছুই করা হবে বলে আশ্বস্ত করেন কাজী রকিব।

“নিজ নিজ ভোটাধিকার  প্রয়োগের মাধ্যমে আপনার রায় প্রকাশ করে নিজের অধিকার আদায় করুন, নির্ভয়ে জাতীয় দায়িত্ব পালন করুন।”

“আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।”

এক নজরে দশম সংসদ নির্বাচন

এবার ভোটার ৯ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ২৯০ জন। পুরুষ ৪ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৩১৮ জন ও মহিলা ভোটার ৪ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৯৭২ জন।

নবম সংসদ নির্বাচনের সময় মোট ভোটার ছিল ৮ কোটি ১০ লাখের বেশি।

সম্ভাব্য ভোট কেন্দ্র ৩৭,৭১১টি। ভোটের ২৫দিন আগে কেন্দ্রের গেজেট প্রকাশ করবে ইসি। ভোটকক্ষ ১ লাখ ৭৯ হাজার ৫৩টি।

৩০০ আসনের জন্য ৬৪ জেলায় রিটার্নিং কর্মকর্তা ৬৬, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৭৭ জন।

প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা, প্রতি ভোট কক্ষে একজন করে সহকারি প্রিজাইডিং এবং প্রতিটি ভোট কক্ষে ২ জন করে পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়। এক্ষেত্রে সব মিলিয়ে ৬ লক্ষাধিক ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবে।

দশম সংসদ নির্বাচনের জন্য প্রায় ৫০০ কোটি টাকা বাজেট রয়েছে ইসির। এরমধ্যে নির্বাচন পরিচালনার চেয়ে তিনগুণ ব্যয় হবে আইনশৃঙ্খলা রক্ষায়।

সংসদ নির্বাচন : ফিরে দেখা

বাংলাদেশে প্রথম থেকে নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে- ১৯৭৩ সালের ৭ মার্চ, ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি, ১৯৮৬ সালের ৭ মে, ১৯৮৮ সালের ৩ মার্চ, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১২ জুন, ২০০১ সালের ১ অক্টোবর, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর।

Image
২০০৮ সালের নির্বাচনে ভোট দিচ্ছেন শেখ হাসিনা

২০০৮ সালের নির্বাচনে ভোট দিচ্ছেন শেখ হাসিনা

Image
২০০৮ সালের নির্বাচনে ভোট দিচ্ছেন খালেদা জিয়া

২০০৮ সালের নির্বাচনে ভোট দিচ্ছেন খালেদা জিয়া

দশম সংসদ নির্বাচনে সোমবার তফসিল ঘোষণা হওয়ায় প্রচারের জন্য প্রার্থীরা সময় পাচ্ছে ৪২ দিন।

প্রথম সংসদে ৬০ দিন সময় দেওয়া হয়। ৭ মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ৭ জানুয়ারিতে। এতে ১৪টি দল অংশ নেয়।

৫৪ দিন সময় দিয়ে দ্বিতীয় সংসদ নির্বাচনের ভোট হয়। ১৯৭৮ সালের ২ ডিসেম্বর তফসিল ঘোষণা করে ভোটের তারিখ দেওয়া হয় ১৯৭৯ সালের ২৭ জানুয়ারি। পুনতফসিলের পর ভোট হয় ২৮ ফেব্রুয়ারি। ২৯ দল এতে অংশ নেয়।

তৃতীয় সংসদ নির্বাচনে ৪৭ দিন সময় দিয়ে তফসিল হয় ১৯৮৬ সালের ২ মার্চ। ভোট হয় ৭ মে। এ নির্বাচনে অংশ নেয় ২৮টি দল।

১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত হয়। সেবার ৬৯ দিন সময় রাখা হয়। ইসির ওয়েবসাইটেও বৈধ ভোট, ভোটকেন্দ্র, ভোটকক্ষ এবং ক’টি দলের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী ছিল তা উল্লেখ নেই। মাত্র ৮টি দল অংশ নেয় এতে।

সংসদীয় গণতন্ত্রে ফেরার পঞ্চম সংসদ নির্বাচনে সর্বোচ্চ ৭৮দিন সময় দেওয়া হয়। ১৯৯০ সালের ১৫ ডিসেম্বর তফসিল ঘোষনা হয়। ভোট হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। ৭৫ টি দল অংশ নেয়।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তফসিল দিয়ে তিনবার পরিবর্তন করতে হয়। ১৯৯৫ সালের ৩ ডিসেম্বরের তফসিলে ৪৭ দিন সময় রেখে ভোটের তারিখ রাখা হয় ১৮ জানুয়ারি। এরপর ৫৫ দিন, ৩৭ দিন ও ৩৯ দিন সময় দিয়ে শেষ পর‌্যন্ত ১৫ ফেব্রুয়ারি ভোট করা হয়। অধিকাংশ দলের বর্জনের মধ্যে এতে অংশ নেয় ৪১টি দল।

সপ্তম সংসদের ১২ জুনের নির্বাচনে তফসিল ঘোষণা করা হয় ১৯৯৬ সালের ২৭ এপ্রিল। এতে ৪৭ দিন সময় দেয়া হয়। সর্বোচ্চ ৮১টি দল অংশ নেয় এতে।

সবচেয়ে কম ৪২ দিন সময় দিয়ে অষ্টম সংসদ নির্বাচনের ভোট হয় ২০০১ সালের ১ অক্টোবর। তফসিল ঘোষণা করা হয় ১৯ আগস্ট। ৫৪টি দল অংশ নেয়।

নবম সংসদ নির্বাচনেও ৪৭ দিন সময় নিয়ে ভোটের তফসিল ঘোষণা করা হয়। ২০০৮ সালের ২ নভেম্বর তফসিল করে ১৮ ডিসেম্বর ভোটের তারিখ রাখা হয়। পরবর্তীতে তিন দফা পরিবর্তন করে শেষবার ৩৭ দিন সময় দিয়ে ২৯ ডিসেম্বর ভোট করা হয়।

নির্বাচনে অংশ নিতে নিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় প্রথমবারের ৩৮টি দল অংশ নেয় এতে। ইসিতে নিবন্ধন ছাড়া কোনো দল এখন আর নির্বাচনে অংশ নিতে পারছে না।