২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপেক্ষার সময় ছিল না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার  কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, রাজনৈতিক সমঝোতা চাইলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তারা সে পর্যন্ত অপেক্ষা করতে পারেননি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 11:40 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

তফসিল ঘোষণা হলেও সমঝোতার প্রত্যাশা রেখে তিনি সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।

নির্বাচনকালীন সরকার নিয়ে মতদ্বন্দ্বে বিএনপির ভোট বর্জনের হুমকির মধ্যে সোমবার দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।

ঘোষিত তফসিলে ভোটের দিন রাখা হয়েছে ৫ জানুয়ারি, মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ ডিসেম্বর পর্যন্ত। বিএনপি এই তফসিল প্রত্যাখ্যান করেছে।

তফসিল ঘোষণা করে জাতির উদ্দেশে দেয়া ভাষণে কাজী রকিব বলেন, “এতদিন আমরা অপেক্ষা করেছিলাম, একটা রাজনৈতিক সমঝোতার জন্য।

“আমাদের হাতে বিলম্ব করার মতো সময় আর নেই। তাই আমি আজ দশম জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছি।”

জনগণ নির্বাচন চায় মন্তব্য করে তিনি বলেন, “আমরা এখনো আশা রাখি, জনগণের এই প্রত্যাশা উপেক্ষা করবেন না কেউই।

“একই সাথে আলোচনার মাধ্যমে সকলের অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ নির্বাচনের পথে আসার জন্য আবারো সকল মহলকে আহ্বান জানাচ্ছি।”

বিএনপি রাজনৈতিক সমঝোতার জন্য তফসিল স্থগিত রাখার দাবি জানিয়েছে।

ভোটারদের নির্বিঘ্ন পরিবেশ তৈরিতে ইসি সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান সিইসি।

“আপনারা যাতে ঘর থেকে বেরিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে এবং ভোট প্রদান করে নিশ্চিন্তে ঘরে ফিরে আসতে পারেন সে ব্যাপারে যা যা করা দরকার আমরা তাই করব।”

নির্বাচনে সেনা মোতায়েন করা হবে জানিয়ে সিইসি বলেন, “আমি ব্যক্তিগতভাবে সবাইকে আশ্বস্ত করতে চাই, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা গ্রহণ করব।”

পুরনো খবর:

অবরোধের ডাক, তফসিল স্থগিতের দাবি বিএনপির