বিএনপিও নির্বাচনে আসবে: হানিফ
ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ আশা করেছে, বিএনপি এখন বিরোধিতা করলেও শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।
সোমবার সন্ধ্যায় সিইসি জাতির উদ্দেশে দেয়া ভাষণে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এই আশাবাদ প্রকাশ করেন।
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে হানিফ সাংবাদিকদের বলেন, “দেশবাসীর উদ্বেগ আর উৎকণ্ঠা কেটে গেছে।
“প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অবশ্যই অংশ নেবে। কারণ, তাদের অনেক নেতাকর্মীই নির্বাচনে অংশ নেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক সমঝোতার জন্য তফসিল স্থগিতের দাবি জানিয়েছেন।
আওয়ামী লীগ নেতা বলেন, “আমরা বিএনপিকে অনেকবার আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছি। তারা আমাদের কথা শোনেনি। তারা জামাতের চাপে সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাই তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না।”
বিএনপি অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্য হবে বলে মনে করেন কি না- হানিফ বলেন, “সব দল অংশ না-ও নিতে পারে। দেখতে হবে, নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারল কিনা।”
তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল মঙ্গলবার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে।
হানিফ বলেন, বিরোধী দল নাশকতা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হাতে দমন করবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, “অবরোধ কর্মসূচিতে বিএনপিকেই মাঠে খুঁজে পাওয়া যাবে না। ওদের হুমকি-ধমকি আমাদের দেখা আছে। গত ৫ বছরও দেখেছি।”
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিও ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন।
দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন কমিশন সাহসের পরিচয় দিয়ে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার প্রথম পদক্ষেপ নিল। এখন রাজনৈতিক দলগুলোর উচিত তাদের দায়িত্ব পালন করা।”
তফসিল ঘোষণার পর বিএনপির নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপির এখন রিথিঙ্ক করা উচিত।”
আনন্দ মিছিল
দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর রাজধানীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সন্ধ্যায় সিইসি তফসিল ঘোষণার পরপরই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন স্থান থেকে মিছিল আসতে থাকে। পরে সবগুলো নিয়ে বড় মিছিল হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওলাদ হোসেন, শাহে আলম মুরাদ, আব্দুল হক সবুজ, সহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে আনন্দ মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে বঙ্গবন্ধু এভিনিউ থেকে আরেকটি মিছিল ফুলবাড়িয়া ও আশেপাশের এলাকা ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এছাড়াও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুণ রানার নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল হয়।
ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডেও মিছিল হয়। লালবাগ এলাকায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে মিছিল হয়।
এছাড়াও মতিঝিল, সবুজবাগ,খিলগাঁও, গুলশান, ধানমণ্ডি, মিরপুর ও ডেমরায়ও আওয়ামী লীগের আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।
