পুরান ঢাকায় বোমায় আহত ৯ পথচারী
বিরোধী দলের অবরোধের মধ্যে রাজধানীর পুরান ঢাকায় বুধবার সন্ধ্যায় হাতবোমা বিস্ফোরণে নয়জন পথচারী আহত হয়েছে।
চানখার পুল এলাকার এই ঘটনায় আহতরা হলেন- সুবল (৪০), সাদেকুল (৩৫), সাইদুল (৩০), রফিকুল ইসলাম (২৫), হুমায়ন কবির (৩০), শেখ আবুল হোসেন (৩৭), মো. লিটন (২০), মো. বাবুল (৪৪) ও আব্দুল খালেক (৪০)।
পল্টন থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে চানখারপুল এলাকায় কয়েকটি হাতবোমার বিষ্ফোরণ ঘটনা ঘটে। এতে নয়জন আহত হন।
এসময় স্থানীয়রা বোমাবাজ সন্দেহে ফয়েজ আহমেদ নামে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
অবরোধের দ্বিতীয় দিন সকালে পুরান ঢাকার সুরিটোলা এলাকায়ও ৮-১০টি হাতবোমা বিস্ফোরণ ঘটে।
বংশাল থানার এসআই খোদা নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ১১টার দিকে আলু বাজার এলাকায় ১৮ দলের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় মিছিলকারীরা ৮-১০টি হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়।
দুপুর ১টার দিকে পল্টন মোড়ে পুলিশ বক্সের কাছে চারটি হাতবোমা বিস্ফোরিত হয়।
