‘প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করাই হামলার কারণ’
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘চ্যালেঞ্জ’ জানানোর কারণেই আওয়ামী লীগ কর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা করেছিল বলে অভিযোগ করেন বিএনপির সাংসদ মোস্তফা কামাল পাশা।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সন্দ্বীপের এই সাংসদ।
রোববার বিকালে তার বাড়িতে ওই হামলায় গুলিবিদ্ধ হন তার ছেলে ইকবাল পাশা জাভেদ।
কামাল বলেন, “আমি প্রধানমন্ত্রীর বক্তব্য চ্যালেঞ্জ করেছি এবং ২০০১ সালে সাংসদ হওয়ার পর সন্দ্বীপকে সন্ত্রাসমুক্ত করেছি। এটাই আমার অপরাধ।”
তিনি জানান, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয় থেকেও হামলার বিষয়ে তাকে আগাম সতর্ক করে দেয়া হয়েছিল।
ঠিক কী নিয়ে সংসদে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বক্তব্য রেখেছিলেন জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাশা বলেন, “২০১২ সালে সন্দ্বীপ সফরে গিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নের ওয়াদা করেছিলেন।
“পরে আমি সংসদ অধিবেশনে যেসব ওয়াদা পূরণ হয়নি তা চ্যালেঞ্জ করে বক্তব্য দিই। এরপর থেকেই আমার বিরুদ্ধে আক্রোশ তৈরি হয়।”
এদিকে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন থেকে মঙ্গলবার চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।
সংবাদ সম্মেলনে কামাল পাশা দাবি করেন, তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে, সামনে চলে আসায় গুলিবিদ্ধ হন জাভেদ।
এসময় সাংসদ নিজে গুলিবিদ্ধ হয়েছেন ভেবে নিয়ে হামলাকারী সন্ত্রাসীরা ঘটনাস্থল ছেড়ে যায়।
সন্দ্বীপে সন্ত্রাসের ওপর ভর করে নোংরা রাজনীতি চলছে দাবি করে বিএনপির এ সাংসদ বলেন, “শনিবার এক সন্ত্রাসীকে গ্রামবাসী মারধর করে। আমার অপরাধ ঘটনা আমার বাড়ির আধ কিলোমিটারের মধ্যে।”
এক যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করার জের ধরে শনিবার রাত থেকে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
এরপর রোববার বিকালে পাশার বাড়িতে হামলা চালানো হয়।
হামলার বর্ণনা দিয়ে সাংসদ পাশা বলেন, “উড়িরচর থেকে সন্ত্রাসীরা রওনা দিয়েছে শুনে টিএনও এবং কোস্টগার্ডকে জানাই।”
তিনি অভিযোগ করেন, এসময় ওসিকে সাত-আটবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
অন্তত ১৫টি মোটরসাইকেলে করে অস্ত্রধারী সন্ত্রাসীরা সরাসরি তার বাড়িতে চলে আসে বলে দাবি করেন তিনি।
সাংসদ বলেন, “হামলার সময় বাড়ির সব দরজা বন্ধ ছিল। জানালা গ্রিলের ভেতর দিয়ে বন্দুকের নল ঢুকিয়ে গুলি করা হয়। ছেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুলি তার গায়ে লাগে।”
“সন্ত্রাসীরা ভেবেছে আমি মারা গেছি। তারা গুলি করতে করতে চলে যায়।”
হামলার জন্য সন্দ্বীপ আওয়ামী লীগের নেতা মাহফুজুর রহমান মিতা, ডা. জামাল ও জাফর উল্লাহ টিটুকে দায়ী করেন সাংসদ মোস্তফা কামাল পাশা।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,“সরকারি দলের পৃষ্ঠপোষকতায় ও প্রশাসনের নিস্ক্রিয়তায় সাংসদের প্রাণনাশের জন্য এ হামলা চালানো হয়।”
“হত্যা চেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে চট্টগ্রাম জেলায় মঙ্গলবার পূর্ণ দিবস হরতাল আহ্বান করছি।”
সোমবার দুপুরের এই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, উত্তর জেলা বিএনপি নেতা এস এম ফজলুল হক এবং মহিলা দল নেত্রী মনোয়ারা বেগম মনি ।
সোমবার রাতে সাংসদ পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উন্নত চিকিৎসার জন্য আহত জাভেদকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
