২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফের সঙ্গে সংলাপ হয়নি: ফখরুল

কয়েকটি বেসরকারি টেলিভিশনের খবর নাকচ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার সঙ্গে সৈয়দ আশরাফুল ইসলামের কোনো ‘সংলাপ’ হয়নি।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 12:08 AM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

সংলাপই সমাধান: বিসওয়াল
সংকট সমাধানে আলোচনায় বসার আহ্বান স্পিকারের
‘কুশল বিনিময়’

শনিবার রাতে কয়েকটি টেলিভিশনের খবরে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনানীর একটি বাসায় একান্তে বৈঠক করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাত পৌনে ১২টার দিকে মির্জা ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “আমার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের সঙ্গে কোনো বৈঠক হয়নি।”

এর কিছুক্ষণ পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “কারো সঙ্গে কোনো সংলাপ হয়নি।”

বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এ খবর প্রচার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আপনাদের বিভিন্ন চ্যানেলে এটা প্রচার করা হচ্ছে- হুইচ ইজ টোটালি বেইজলেস।”

গত বৃহস্পতিবার সেনাকুঞ্জে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার নিয়ে সঙ্কট এড়াতে আলোচনা শুরুর জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান বলে সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ জানিয়েছিলেন।

তবে এ বিষয়ে মির্জা ফখরুল ‘তেমন’ কিছু বলেননি।  

এরপর থেকে সৈয়দ আশরাফের সঙ্গে মির্জা ফখরুলের আলোচনা হতে পারে বলে গুঞ্জন চলছিল।

বিকালে হোটেল পূর্বাণীতে এমবিএ অ্যাসোসিয়েশনের একটি আলোচনা সভা শেষ করে রাত ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ফখরুল। এরপর তিনি নিজের গাড়ি ছেড়ে আরেকটি পাজারো জিপে চড়ে এক আত্মীয়ের বাসায় যান।

এ বিষয়ে দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বলেন,  “আমার গাড়িতে চড়ে তিনি যান। আমি সঙ্গে ছিলাম। আমরা সেখান থেকে পৌনে ৯টায় আবার গুলশানের কার্যালয়ে ফিরে আসি।”

জনি বলেন, “আমি গুলশান কার্যালয়ে আসার পর বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া থেকে আমাকে টেলিফোন করে জানতে চাওয়া হয়, দুইটি মিডিয়ায় সদ্য সংবাদ যাচ্ছে- বনানীর একটি বাসায় দুই মহাসচিবের বৈঠক হয়েছে। এটা ঠিক কি না।”

“আমি বিষয়টি ভারপ্রাপ্ত মহাসচিবকে সঙ্গে সঙ্গে জানিয়েছি। তিনি বলেছেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর। আমার সঙ্গে তো এতোক্ষণ তুমি ছিলে।”

জনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত সোয়া ৮টার দিকে গুলশানের কার্যালয়ে আসেন। এর আগে তিনি পূর্বার্ণী হোটেলে একটি অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি গুলশানের উদ্দেশ্যে রওনা হন।

মিডিয়ায় প্রচারিত খবর ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।