সংকট সমাধানে আলোচনায় বসার আহ্বান স্পিকারের
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই রাজনৈতিক দলকে শর্তহীন আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, সংকট নিরসনে এখনো আলোচনার সুযোগ আছে। বড় দুটি দল আলোচনায় বসলে সমঝোতা হতে পারে।
“তবে তাদের শর্তহীন আলোচনা করতে হবে।”
জনগণের কথা চিন্তা করে দল দুটি শিগগিরই সংলাপে বসবে বলে আশা করেন স্পিকার।
সংসদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, “আমাদের সর্বোচ্বচ আইন হলো সংবিধান। তাই সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। তবে সুষ্ঠু নির্বাচন সংসদের উপর নির্ভর করে না। এটি নির্বাচনের কমিশনের কাজ। ইসি এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।”
রাজধানীর রেডিয়াস সেন্টারে ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউনাইটেড ন্যাশন উইমেন (ইউএনউইমেন) ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘রাজনীতিতে জেন্ডার সমতা’ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন শিরীন শারমিন চৌধুরী।
এসময় সাংসদ রাশেদা বেগম হীরা, সুইডেনের রাষ্ট্রদূত এনিলিলিন্ডা কেনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রী উপস্থিত ছিলেন।
নারীদের শুধু নারী বলে পিছিয়ে না রেখে দেশ গঠনে তাদের সুযোগ করে দেয়ার আহ্বান জানান স্পিকার।
তিনি বলেন, জেন্ডার সমতা নিশ্চিত করতে তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদেও অধিক সংখ্যক নারীকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিতে হবে।
