সংলাপই সমাধান: বিসওয়াল
নির্বাচনের আগে বাংলাদেশ সফরে এসে বিপরীত অবস্থানে থাকা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সংলাপের আহ্বান জানিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
তিন দিনের সফরের শেষ দিন সোমবার বিকালে গুলশানে আমেরিকান ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সঙ্কট নিরসনে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে না হলেও অন্তত মহাসচিব পর্যায়ে আলোচনা হতে পারে।
“এজন্য রাজনৈতিক দলগুলোর মহাসচিবদের আরো ক্ষমতায়ন করতে হবে, যেন তারা সংলাপের বিষয়ে উদ্যোগ নিতে পারেন। আর সংলাপে নির্বাচন প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা হওয়াটা জরুরি বলে আমরা মনে করছি।”
বর্তমান পরিস্থিতিতে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ছাড়া বিকল্প নেই, বলেন যুক্তরাষ্ট্রের মন্ত্রী।
নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এ পরিস্থিতিতে সংলাপের কোনো বিকল্প নেই, সংলাপ হতেই হবে। আর এ জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।”
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধী দলের হরতালে সহিংসতার বিষয়ে নিশা বিসওয়াল বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ।
“যে কোনো রাজনৈতিক দলেরই তার মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু সে মত প্রকাশের ভাষা হতে হবে শান্তিপূর্ণ। কোনো ধরনের সহিংসতাই গ্রহণযোগ্য নয়।”
প্রধান বিরোধী দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না জানতে চাইলে নিশা বিসওয়াল পাল্টা প্রশ্ন করেন, “বাংলাদেশের মানুষ কি তা মেনে নেবে?”
“যুক্তরাষ্ট্র চায় যেন, নির্বাচন যেন বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হয়। জনগণ যদি নির্বাচনের ফলাফল মেনে নেয় সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও নির্বাচন নিয়ে কোন প্রশ্ন আসবে না,” পরক্ষণেই বলেন তিনি।
গত শনিবার ঢাকা আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন নিশা বিসওয়াল।
বাংলাদেশ নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পর্যায়ের আলোচনার বিষয়ে তিনি বলেন, “আমরা সারা বিশ্বে আমাদের সহকর্মীদের সঙ্গে উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করছি।
“তারই অংশ হিসেবে ভারতের সঙ্গেও আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার একটি ইস্যু ছিল বাংলাদেশ।”
“বিশ্বে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে যুক্তরাষ্ট্র সব সময়ই সহযোগিতা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশেও একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক,” নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
