২০ নভেম্বর থেকে জাপার মনোনয়ন ফরম ব্রিক্রি
দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী মনোনয়নে ২০ নভেম্বর থেকে আবেদনপত্র বিক্রি শুরু হবে।
সোমবার দুপুরে নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় দলটির পাঁচ নেতার শপথে পর পরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে ২০ হাজার টাকার বিনিময়ে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দিতে হবে ২৬ নভেম্বরের মধ্যে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।
সোমবার বিকাল ৩টার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আওয়ামী লীগের উপদষ্টো পরিষদের দুই সদস্য এবং ওয়ার্কার্স পার্টির সভাপতির সঙ্গে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ মন্ত্রী হিসাবে শপথ নেন জাতীয় পার্টির ওই তিন নেতা।
মহাজোটে আর না থাকার ঘোষণা দেয়া এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ এবং দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার শপথ নিয়েছেন।
পরে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলুর মন্ত্রী হিসাবে শপথ নেয়ার কথা থাকলেও পরে তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
মহাজোটে মূল্যায়ন হচ্ছে না অনুযোগ করে গত দুই বছর ধরে আওয়ামী লীগের সঙ্গ ছাড়ার কথা বলে আসছিলেন জাতিীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তবে পরে আবার অবস্থান থেকে সরে আসতেও দেখার গেছে তাকে।
নির্দলীয় সরকার না হলে নির্বাচনে যাবে না বলে বিএনপি হুমকি দেয়ার পর এরশাদের মহাজোট ছাড়ার ইঙ্গিত নতুন করে আলোচনা সৃষ্টি করে।
এর মধ্যে গত বৃহস্পতিবার নতুন নির্বাচনী জোট গড়ার ঘোষণা দেন এরশাদ এবং তাতে বি চৌধুরী নেতৃত্বাধীন বিকল্প ধারা, কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ এবং আ স ম রব নেতৃত্বাধীন জেএসডি থাকছে বলেও জানান তিনি।
এরপর সোমবার দুপুরে দিয়ে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারে দলের যোগ দেয়ার কথা জানিয়ে তাতে বিএনপিকেও অংশ নিতে আহ্বান জানান এরশাদ।
এতে মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণাও দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
ইতোমধ্যেই এরশাদ এককভাবে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। তবে নতুন জোট গঠনের ঘোষণার পর এবিষয়ে নতুন কোনো বক্তব্য আসেনি।
পার্লামেন্টারী বোর্ড গঠন
এদিকে দলীয় প্রার্থী বাছাই মনোনীত করতে এরশাদকে চেয়ারম্যান করে আট সদস্যের পার্লামেন্টারী বোর্ড গঠন করেছে জাতীয় পার্টি।
অন্য সদস্যরা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমদ, জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, মুজিবুর রহমান চুন্নু এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
আগামী ১ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে এরশাদ দলীয় ইশতেহার ঘোষণা করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
