মন্ত্রিসভার বৈঠকে যাননি জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান আর ক্ষমতাসীন মহাজোটে না থাকার কথা জানানোর পরদিন মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি দলের প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের।
রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। সাধারণত সোমবার মন্ত্রিসভার বৈঠক হলেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরসূচি থাকায় এ সপ্তাহে বৈঠক এক দিন এগিয়ে আনা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের মন্ত্রিসভার বৈঠকে যাননি।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংকবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা ও জানান, জিএম কাদের বৈঠকে ছিলেন না।
শনিবার এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, “আমাদের প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, যিনি মহাজোট সরকারের মন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছেন।”
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের এই অনুষ্ঠানে বড় ভাই এরশাদের পাশেই ছিলেন জি এম কাদের।
মন্ত্রিসভার সদস্যরা গত সোমবার প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দেন, যার মধ্য দিয়ে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনে মন্ত্রিসভার পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়।
তবে বিএনপিসহ কয়েকটি মহল থেকে দাবি করা হয়, সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র দেয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রীদের পদ শূন্য হয়ে গেছে। বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করে।
এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলেই পদত্যাগ বলে বিবেচিত হয় না। রাষ্ট্রপতি যতোক্ষণ পদত্যাগপত্র গ্রহণ না করবেন, ততোক্ষণ তারা (মন্ত্রীরা) পদে বহাল থাকবেন।”
তবে এরশাদ জানান, তার দল আর ক্ষমতাসীন মহাজোটে নেই। জি এম কাদেরও মন্ত্রিসভায় নেই।
