২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার বৈঠক: কালো পতাকা মিছিল করবে বিএনপি

মন্ত্রিপরিষদের রোববারের বৈঠককে ‘অবৈধ’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে সোমবার সারাদেশে কালো পতাকা মিছিল করার কর্মসূচি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

রোববার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলা সদরে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

মন্ত্রিসভার সব সদস্য গত সোমবার প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দেন, যার মধ্য দিয়ে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনে মন্ত্রিসভার পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়।

তবে বিএনপিসহ কয়েকটি মহল থেকে দাবি করা হয়, সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র দেয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রীদের পদ শূন্য হয়ে গেছে। প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করে বিএনপি।

এর প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলেই পদত্যাগ বলে বিবেচিত হয় না। রাষ্ট্রপতি যতোক্ষণ পদত্যাগপত্র গ্রহণ না করবেন, ততোক্ষণ তারা (মন্ত্রীরা) স্বপদে বহাল থাকবেন।”

সাধারণত সোমবার মন্ত্রিসভার বৈঠক হলেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরসূচি থাকায় এ সপ্তাহে বৈঠক এক দিন এগিয়ে আনা হয়। 

মন্ত্রিসভার বৈঠকের বিষয়টি গণমাধ্যম থেকে জানতে পেরেছেন উল্লেখ করে রিজভী বলেন, “এভাবে পদত্যাগী মন্ত্রীদের দায়িত্ব পালন প্র্রজাতন্ত্রের সংবিধানের গুরুতর লংঘন। এর প্রতিবাদে আমরা কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।”

সরকার বিএনপি কার্যালয় ‘অবরুদ্ধ’ করে রেখেছে অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, “দেশে কোন শাসন চলছে! আমরা জানি, স্বৈরাচারের শাসন বা সামরিক শাসনের সময়ে এমন অবরুদ্ধ করা হয়। এখন শেখ হাসিনার শাসনামলে পুলিশ ও গোয়েন্দা সংস্থা বিরোধী দলের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। কোনো নেতা-কর্মীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।”

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যালয়ের সামনে থেকে সরে যাওয়ারও আহবান জানান রিজভী।

রিমান্ডে নিয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুর ওপর পুলিশ নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “সপুকে সকালে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি নিষ্ঠুরতা সরকার প্রদর্শন করছে, এটি তার প্রমাণ।”

সরকার ‘সব রীতিনীতি’ বিসর্জন দিয়ে ‘গণতন্ত্রের কফিনে শেষ পেরেক’ মারার অপেক্ষায় আছে বলেও তিনি মন্তব্য করেন।