‘ফায়সালা হতে হবে সর্বোচ্চ পর্যায়ে’
প্রধান দুই দলের মহাসচিব পর্যায়ে আর আলোচনার প্রয়োজন নেই বলে মনে করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের বলেন, “সংলাপের বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এখন আর মহাসচিব পর্যায়ে তার প্রয়োজন পড়ে না, দরকার নেই। ফায়সালা সর্বোচ্চ পর্যায়ে হওয়া উচিত। জনগণও সেটা চায়।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শুক্রবার অভিযোগ করেন তিনি ফোন করেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পাচ্ছেন না। পক্ষান্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান তিনি কোনো ফোন পাননি।
এ বিষয়টি নিয়ে সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে কথা হয়েছে জানিয়ে কাদের বলেন, “আমি সৈয়দ আশরাফুলের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তিনি বলেছেন ফখরুলের কোনো ফোন তিনি পাননি।”
প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেয়ার পর যোগাযোগ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরতে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের।
সর্বদলীয় সরকার গঠনের বিষয়ে যোগাযোগমন্ত্রী বলেন, আগামী ৩-৫ দিনের মধ্যে সর্বদলীয সরকার গঠন হতে পারে।
