চট্টগ্রামে যুবলীগের দুইপক্ষে সংঘর্ষ, আহত ৩
নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় যুবলীগের দুইপক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ফিরিঙ্গিবার সড়কে নগর আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী যুবলীগনেতা হাসান মুরাদ বিপ্লব ও দিদারুল আলমের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, ওই এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে ফিরিঙ্গবাজারে দুইপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
সংঘর্ষে জড়িতদের কোন রাজনৈতিক পরিচয় জানা নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো পক্ষের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আহতদের মধ্যে রাশেদ নামে একজনের নাম জানা গেছে। সে ফিরিঙ্গ বাজার ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে রেল স্টেশেন চত্বরে নবনির্বাচিত সাধঅরণ সম্পাদক আ জ ম নাছিরের সংবর্ধনা অনুষ্ঠানে নাম ঘোষণা নিয়ে দিদারের সঙ্গে হাসান মুরাদের দ্বন্দ্ব হয়।
এর জেরে সন্ধ্যায় দুইজনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য হাসান মুরাদ বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় যুবলীগ নামধারী দুলাল ও তার সহযোগীরা তার কর্মীদের ওপর হামলা করেছে।
