২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কর্মসূচি পরে জানাবে বিরোধী দল

নির্দলীয় সরকারের দাবিতে টানা ৮৪ ঘণ্টার হরতাল শেষে নতুন কোনো কর্মসূচি দেয়নি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 06:20 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

২০ মিনিটের মাথায় মুক্ত হীরা মনি শাম্মী
চট্টগ্রামে পুলিশের দিকে হাতবোমা
রাজশাহীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ
একজন বাবা হয়ে এসব সহ্য করা যায় না: জয়

বুধবার সন্ধ্যায় হরতাল শেষে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন,পরবর্তী কর্মসূচি নীতি-নির্ধারকরা ঠিক করলে তা পরে জানানো হবে।

তবে একইসঙ্গে তিনি বলেন, “আমরা আন্দোলনে আছি। এই আন্দোলন থেকে আমরা পিছিয়ে আসব না।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুই সপ্তাহে ছয় দিন হরতালের পর এই সপ্তাহেও ৬০ ঘণ্টার হরতাল ডেকেছিল ১৮ দল।

গত শুক্রবার ওই কর্মসূচি ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতাকে আটকের পর হরতাল বুধবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়।

বিরোধী দলের এই হরতালে ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল করলেও মহাসড়কগুলো ছিল অচল। হরতালের বিক্ষিপ্ত বোমাবাজি ও গাড়ি পোড়ানোয়  অগ্নিদগ্ধ হয়েছেন ২০ জনের বেশি।

সরকার ও পুলিশ এজন্য বিরোধী দলের কর্মীদের দায়ী করলেও বিএনপি বলেছে, আন্দোলন নস্যাৎ করতে সরকারি ‘লোকজনই’ এই কাজ করছে।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার দিনের হরতালে বিরোধী দলের দুজন নিহত এবং ৫ হাজার ৪০০ জন আহত হয়েছে।

এছাড়া ২ হাজার ১১০ জন গ্রেপ্তার এবং ২১ হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানানো হয়েছে।

হরতালের চতুর্থ দিন দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির তিন নারী সংসদ সদস্য শাম্মী আক্তার, রাশেদা বেগম হীরা ও নীলোফার চৌধুরী মনিকে আটক করে পুলিশ, ২০ মিনিট পরে তাদের ছেড়ে দেয়া হয়।

বিরোধী দলের নির্দলীয় সরকারের দাবি উপেক্ষা করে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি। এ লক্ষ্যে মন্ত্রীদের কাছ থেকে পদত্যাগপত্র হরতালের মধ্যেই জমা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হরতাল সর্বাত্মকভাবে পালিত হয়েছে দাবি করে রিজভী বলেন, এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

হরতালে গাড়িতে আগুন দিয়ে মানুষে পোড়ানোর জন্য বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন,“তিনি তার বিজ্ঞানী বাবার মতো নয়, মায়ের মতো কথা বলছেন। তাই তার বক্তব্য সম্পর্কে আমরা কিছু বলতে চাই না।”

এই প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “নরসিংদীর বিআরটিসির বাস আজিমপুরে অগ্নিসংযোগ করা হয়েছে। ধানমণ্ডিতে অধ্যাপক পিয়াস করিমের বাসায় যারা হামলা চালিয়েছিল, তাদের আটক করার পর ছেড়ে দেয়া হয়েছে, কারণ তারা ক্ষমতাসীন দলের লোক ছিল।

“এসব অর্ন্তঘাতমূলক কাজ কারা ঘটাচ্ছে, দেশের মানুষের কাছে আজ তা পরিষ্কার হয়ে গেছে। হরতালে কারা বাস-গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করেছে, জনগণ তা জানে।”

চার দিনের হরতাল শুরুর আগের দিন থেকে নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদসহ কয়েকজন অফিস কর্মীকে নিয়ে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে রয়েছেন রিজভী।

Image
রাজধানীর পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কার্যালয়ের বাইরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানের মধ্যে ভেতরে থেকেই বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করে সারাদেশের পরিস্থিতি তুলে ধরে আসছিলেন বিএনপির এই যুগ্মমহাসচিব। সেখান থেকে বিভিন্ন টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানেও অংশ নিচ্ছিলেন তিনি।

রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকার সংলাপের কথা বলে ‘তামাশা’ করছে বলেও দাবি করেন রিজভী। মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়াকেও ‘নাটক’ আখ্যায়িত করেন তিনি।

রিজভী আবার বলেন, “সংবিধান অনুযায়ী মন্ত্রীরা পদত্যাগ করার পর তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়। অথচ সরকার এখানেও গায়ের জোর খাটাচ্ছে।

“তারা আসলে কোনো আইন-কানুনের তোয়াক্কা করে না। ‘আউটলরা’ যেমন অন্ধকারে রাজত্ব করে, সেভাবে দেশ পরিচালনা করেছে সরকার।”