২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একজন বাবা হয়ে এসব সহ্য করা যায় না: জয়

হরতালে মানুষের শরীরে আগুন দেয়া কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 07:27 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

তিনি বলেছেন, যারা এমনটি করে তারা মানুষের জাতের মধ্যে পড়ে না।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হরতালে দগ্ধদের দেখতে গিয়ে জয় সাংবাদিকদের বলেন, “মানুষকে আগুনে পুড়িয়ে ফেলা একদম অমানবিক। এটা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না।

“এখানে আমি পুড়ে যাওয়া শিশুদেরও দেখলাম। একটি শিশুকে দেখে আমার চোখে কান্না এসে গেছে। একজন বাবা হিসেবে এটা সহ্য করার মতো নয়।”

হরতালকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “ওরা মানুষের জাত না। রাজনৈতিক দল তো দূরের কথা। ওরা এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এদের প্রতি আমার ঘৃণা হচ্ছে।”

মানুষ পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িতদের ‘কঠিন শাস্তি’ হওয়া উচিৎ বলে মন্তব্য করে এই তরুণ  তথ্য-প্রযুক্তিবিদ।

জয়ের ঢাকা মেডিকেলে যাওয়ার ঘণ্টা দুয়েক আগে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়। এতে দগ্ধ হয় অন্তত সাত জন।

সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা তিনদফা হরতালে বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের কারণে দগ্ধ হওয়া ৪৪ জন বার্ন ইউনিটে ভর্তি রয়েছে, যাদের মধ্যে কয়েকজন শিশুও আছে।

এছাড়া সাম্প্রতিক হরতালে সারাদেশে প্রায় ২০ জন নিহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তাহলে সরকার কি মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে?- জানতে চাওয়া হলে সজীব ওয়াজেদ বলেন, “যারা অর্থ দিচ্ছে ও নাশকতার পরিকল্পনা করছে তাদের আমরা গ্রেপ্তার করছি।”

বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকেন জয়। প্রায় আধাঘণ্টা কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জয়ের ঢাকা মেডিকেল যাওয়ার খবরে দুপুর থেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভীড় জমাতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মেডিকেল কলেজের গেইট পর্যন্ত সমতে হয়ে দাঁড়িয়ে জয়কে স্বাগত জানান তারা।

এসময় কয়েকশ মোটরসাইকেলে করে দলীয় নেতা-কর্মীরা মহড়াও দেন। জয় মেডিকেল কলেজে প্রবেশের পর সেখানে স্লোগান দিয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

সাংবাদিকদের সঙ্গে জয় কথা বলার সময়ও দলীয় নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন।

এর আগে দুপুরে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ৭১ এর রাজনৈতিক কৌশল এবং বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড একই সূত্রে গাঁথা।

“৭১-এ যেভাবে বেয়নট, আগুন দিয়ে এবং ধর্ষণ করে মানুষ হত্যা করা হয়েছিল, এখন তাই করা হচ্ছে।”

জাসদ সভাপতি ইনু বিএনপি প্রধান খালেদা জিয়াকে হরতালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিত্যাগেরও অনুরোধ জানান।

“মানুষ পুড়িয়ে, জোর করে ক্ষমতায় আসতে পারবেন না বেগম জিয়া। তাই হরতালের নামে মানুষ হত্যার তত্ত্ব পরিহার করে সংলাপে আসুন। আমি আবারো অনুরোধ করছি, এসব পরিহার করে সংলাপে বসুন ।”   

দেশের সাধারণ জনগণকে হরতালের নামে সন্ত্রাস ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যা মোকাবেলায় এগিয়ে আসতে আহ্বান জানান তথ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং জাসদ নেত্রী শিরিন আখতারও উপস্থিত ছিলেন।