২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের দিকে হাতবোমা

চট্টগ্রাম নগরীতে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছুড়ে পালানোর সময় দুই জনকে এবং গাড়ি ভাংচুরে জড়িত সন্দেহে সাত জন আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, বুধবার দুপুর ১টার দিকে নগরীর কাজীর দেউড়ি বাজারের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছুড়লে দুইজনকে আটক করা হয়।  

তবে হাতবোমায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী সুমন বাবু জানান, বাজার সংলগ্ন এসএস খালেদ সড়ক ধরে পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিল। এসময় পাশের একটি ভবন থেকে ওই গাড়ি লক্ষ্য করে দুটি হাতবোমা ছোড়া হয়। তবে সেগুলো গাড়িতে না পড়ে রাস্তায় বিস্ফোরিত হয়।

পুলিশ কর্মকর্তা মির্জা সায়েম বলেন, ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশ।

এদিকে সকালে নগরীর চান্দগাঁও থেকে সাত হরতালকারীকে আটক করে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ জানান, সকাল সাড়ে ১০টার দিকে গাড়ি ভাংচুরের অভিযোগে চান্দগাঁওয়ের কয়েকটি স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।