২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ

বিরোধী দলের ৮৪ ঘণ্টার হরতালের শেষ দিনে রাজশাহী বাইপাস সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার সকাল ১০টার দিকে আশরাফের মোড়ে এ ঘটনায় পাঁচ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির কর্মীরা আশরাফের মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা রাস্তায় কাঠ জড়ো করে আগুন জ্বালায়।

খবর পেয়ে পুলিশ সেখানে গেলে বিএনপি কর্মীরা ঢিল ছুড়তে শুরু করে। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় ঘটনাস্থল থেকে বিএনপির দুই কর্মী এবং পরে কাটাখালি এলাকা থেকে এক শিবিরকর্মীকে আটক করা হয় বলে উপ কমিশনার জানান।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল দাবি করেন, পুলিশের রাবার বুলেটে তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন।

এদিকে ভোরে কাটাখালি পৌরসভা ভবনের সামনে শিবির কর্মীরা খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেয়।

পরে পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে শাহ গোলাম মাহমুদ জানান।