হরতালের প্রথমদিনে নিহত ২
বিরোধীদলের টানা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিনে পিকেটারদের ধাওয়ায় ফেনী ও চট্টগ্রামে নিহত হয়েছেন দুই ব্যক্তি। এছাড়া রাজধানীতে পেট্রোল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুনে দগ্ধ হয়েছেন ৬ জন।
কয়েকজন শীর্ষ নেতার গ্রেপ্তারের পর রোববার রাজধানীতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল অনেক কম। যানবাহন চলাচলের হার ছিল অন্যান্য হরতালের তুলনায় খানিকটা বেশি।
তবে রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে নাশকতায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে অর্ধশতাধিক পিকেটারকে।
হরতালের শুরুতে সকালে মিরপুর মাজাররোড এলাকায় একটি বাসে আগুন দেয় পিকেটাররা। এছাড়া গেন্ডারিয়ায় যাত্রীবাহী লেগুনায় পেট্রোলবোমা নিক্ষেপে ৫ জন দগ্ধ হন। রাত সাড়ে ১০টার দিকে ধানমণ্ডিতেও একটি লেগুনায় আগুন দেয়া হয়, এতে দগ্ধ হয় এক যুবক। আগুনে দগ্ধ ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাত সাড়ে ৮টার দিকে সার্ক ফোয়ারা এলাকায় হরতালের সমর্থনে অন্তত অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ২৪ রাউন্ড গুলি ছোড়ে। তবে কেউ হতাহত বা গ্রেপ্তার হননি।
মিরপুর ১০ নম্বরে কথা হয় সাজ্জাদুর রহমানের সঙ্গে। পেশায় ঠিকাদার এই যুবক জানান, অন্যান্য দিন হরতালে বের হয়ে তিনি যতটা আতঙ্ক বোধ করতেন, তা আজ হচ্ছে না।
“রাস্তায় গাড়ি চলাচল আর মানুষের উপস্থিতি দেখে অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে। জীবিকার তাগিদে আমাকে বের হতে হয়েছে। হরতালকারীরা তো আর আমার পরিবার চালানোর খরচ দেবে না।”
ফার্মগেটে বাস থেকে নেমে তাসলিমা খানম বলেন, “বাসে উঠে ভয় পাচ্ছিলাম। তারপরও আসতে হলো। তবে আজকে অন্যান্য হরতালের তুলনায় জীবনযাত্রা স্বাভাবিকই মনে হলো।”
হরতালের সমর্থনে সড়কে ১৮দলীয় জোটের নেতাকর্মীদের উপস্থিতি দেখা না গেলেও নগরীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকায় হরতালবিরোধী মিছিল সমাবেশও হয়েছে।
এদিকে রাজধানীর বাইরে বন্দর নগরী চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বিচারকের বাসায়ও বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এছাড়া চট্টগ্রামে হরতাল সমর্থকদের ধাওয়ায় অটোরিকশা উল্টে নির্মল দাশ (৪৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির পরিচ্ছন্নতা কর্মী নিহত হন। তার বাড়ি হাটহাজারির মধ্যম মাদার্শা গ্রামে।
বরিশালে পিকেটারদের দেয়া আগুনে দগ্ধ হয়েছে অটোরিকশা চালক। দেশের বিভিন্ন স্থানে নাশকতায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৪৮ জনকে।
রাজশাহী, সিলেট, ফেনী, বেনাপোল, গাজীপুর, চাঁদপুর, জয়পুরহাট, মাগুরা, দিনাজপুর, ভোলা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, নাটোর, পাবনায় ভাঙচুর, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
