হরতালে বিক্ষিপ্ত সহিংসতা
বিএনপি নেতৃত্বাধীন জোটের ৮৪ ঘণ্টার হরতালের প্রথমদিন দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
বরিশালে অটোরিকশায় দেয়া আগুনে চালক দগ্ধ হন। পুলিশের রাবার বুলেটে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ পিকেটার আহত হয়েছেন। ফেনী, জয়পুরহাট ও রাজশাহীতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। কুষ্টিয়া, মাগুরা, ভোলা, রাজশাহী ও মাদারীপুরে গাড়ি ভাংচুর করা হয়।
এছাড়া বিভিন্ন স্থানে ৪৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ১৮ দলীয় জোট রোববার থেকে ৮৪ ঘণ্টার হরতাল পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
রাজশাহী
নগরীর বাইপাস সড়কে ট্রাক ও কভার্ডভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় কভার্ডভ্যান চালককে পিটিয়ে হাত ভেঙ্গ দেয় তারা।
মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ বলেন, শনিবার গভীর রাতে নগরীর বাইপাশ সড়কের অভয়ের মোড়ে ছাত্রশিবির কর্মীরা একটি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় । একই সময় তারা এসএ পরিবহনের একটি কভার্ডভ্যান ভাংচুর করে চালককে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়।
পরে পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা গিয়ে ট্রাকের আগুন নেভায় এবং কভার্ডভ্যান চালককে উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।
এছাড়া রোববার সকালে হরতাল সমর্থকরা মালোপাড়া মাদ্রাসার সামনে ও খড়খড়ি বাইপাস সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায় বলেও তিনি জানান।
উপ-কমিশনার বলেন, শনিবার রাতে নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুইজন ছাত্রশিবির ও চারজন বিএনপির কর্মী।
আগের হরতাল, থানা ও জেলা পরিষদের প্রশাসকের বাড়িতে বোমা হামলার অভিযোগে তাদের আটক করা হয় বলে তিনি জানান।
বরিশাল
সকালে বরিশালে যাত্রীবেশে অটোরিকশায় উঠে তাতে আগুন ধরিয়ে দিয়েছে পিকেটাররা। এতে অটোরিকশা চালক দগ্ধ হয়েছেন।
এছাড়া দুটি টেম্পোতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হরতালের আগের রাতে মহানগর ছাত্রলীগ সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিভিন্ন থানা থেকে বিএনপি-জামায়াত জোটের ২৬ কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার একেএম এহ্সান উল্ল্যহ জানান, নাশকতার আশংকায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত থানাগুলোতে আটক অভিযান চালানো হয়।
কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম কবির জানান, সকাল ১০টার দিকে নগরীর সিএ্যান্ডবি রোডে একটি অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা। দগ্ধ চালককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
এর আগে ভোর ৬টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় থামিয়ে রাখা দুটি টেম্পোতে আগুন দেয় পিকেটাররা। পরে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভায়।
মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অটোরিকশা চালক মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রী নিয়ে নগরীর রূপাতলী থেকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে যাওয়ার পথে সিএ্যান্ডবি পুল এলাকায় আগে থেকে অবস্থান নেয়া দুই যুবক অটোরিকশা থামায়।
কোনোকিছু বুঝে ওঠার আগেই যাত্রীবেশে রিকশায় থাকা এক যুবক নেমে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছেন, চালক মারুফের ডান পায়ের কিছু অংশ পুড়ে গেছে। তবে, তিনি আশঙ্কামুক্ত।
মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, শনিবার রাত ১টার দিকে নগরীর সাগরদী পুল এলাকায় বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিনের ব্যাক্তিগত কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিলেট
সকাল সাড়ে ৮টায় নগরীর চৌহাট্টা ও নয়াসড়কে সকালে ছাত্রদলের মিছিল থেকে হাতবোমার বিষ্ফোরণ ঘটানো হয়েছে।
এছাড়া হরতালের সমর্থনে ১৮ দলের একটি মিছিল সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
এছাড়া সিলেট জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নগরীতে পৃথক মিছিল করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আয়ুব জানান, কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে নগরীতে কিছু সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করলেও ভারি যানবাহন চলছে না।
সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে যথাসময়ে ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।
ফেনী
ফেনীতে ৩০টিরও বেশি হাতবোমার বিস্ফোরণ হয়েছে। পিকেটাররা একটি ট্রাক ও একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। জেলা শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহাঙ্গির আলম জানান, রোববার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর দেবীপুরে পিকেটাররা একটি ট্রাক জ্বালিয়ে দিয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ভোর থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত, শিবির শহরের বিভিন্ন সড়কে প্রায় ১৫টি ককটেল বিস্ফোরিত হয়।
শিবিরের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মিছিল করার পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে।
দুপুর ১২টার দিকে শহরের ট্রাংক রোডে ছাত্রদল ও ছাত্রলীগকর্মীরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার কর।
শহরের রামপুরে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মো. কাশেম (৩৫) নামে এক যুবদলকর্মী গুরুতর আহত হয়েছে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, বেলা ১১টার দিকে ফুলগাজী উপজেলা বাজারে বিএনপির এক কর্মীর মোটরসাইকেলে আগুন দিয়েছে হরতাল বিরোধীরা।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরে খোন্দকার বলেন, শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। তারা পুলিশ ও র্যাবের পাশাপাশি ফেনী ও ফুলগাজীতে টহল দিচ্ছে।
হরতাল প্রতিহত করতে ছাত্রলীককর্মীরা ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন মোড়ে অবস্থান করছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
শহরের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। বড় বড় মার্কেটগুলো খোলা না হলেও অনেক দোকানপাট খোলা ছিল। শহরে রিকশা, সিএনজি অটোরিকশা চললেও ভারি যানবাহন চলাচল করেনি।
জেলার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল
বেনাপোলের গাতিপাড়া, ভবেরবেড় ও রামচন্দ্রপুর গ্রাম থেকে শনিবার রাতে জামায়াত ও বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি পরিদর্শক কাইয়ুম আলি সরদার জানান, শান্তিশৃঙ্খলার বিঘ্ন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাদের আটক করা হয়েছে।
তিনি বলেন, এনায়েত আলি ও মনিরুজ্জামান স্থানীয় জামাতকর্মী এবং আব্দুস সামাদ ও ইলিয়াস আলি স্থানীয় যুবদলকর্মী।
চাঁদপুর
গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও পিকেটিং করেছে হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুরহাট-ঢাকা সড়ক ও চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের বাগাদী এলাকায় গাছের গুঁড়ি ফেলে এবং চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমারডুগীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।
এ ছাড়া বাগড়া বাজারে পিকেটিংকে কেন্দ্র করে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে পিকেটিংকালে পুলিশ ৩ জনকে আটক করেছে। চাঁদপুর শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গাজীপুর
নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ১২ জনকে আটক করেছে পুলিশ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম জানান, রোববার জেলার অধিকাংশ কল-কারখানাতেই স্বাভাবিক কাজকর্ম চলেছে।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, দোকান-পাট, বিপণি বিতান, সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা অফিস অন্যদিনের মতো খোলা থাকে।
তিনি বলেন, শনিবার রাতে জয়দেবপুর থানার কয়েকটি এলাকা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, আগের দিন নাওজোর এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছিল হরতাল সমর্থকরা।
কালিয়াকৈর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮জন কর্মীকে আটক করা হয়েছে।
জয়পুরহাট
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহরের তৃপ্তির মোড়ে হরতাল সমর্থকরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে দুই পথচারী আহত হন। তবে, তাদের পরিচয় পাওয়া যায়নি।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, বোমা বিস্ফোরণের কথা তিনি শুনেছেন। তবে এতে কেউ আহত হয়েছে কি না তা তার জানা নেই।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন সদর থানায় ৮ জন ও পাঁচবিবি থানায় ৬ জন।
কুষ্টিয়া
কুমারখালী ও ভেড়ামারা উপজেলায় রোববার ভোরে দুটি ট্রাক ও একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
নাশকতা সৃষ্টির সম্ভাবনার অভিযোগে ভেড়ামারা থানা পুলিশ ৩ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে।
কুমারখালী থানার ওসি রাম প্রসাদ ভক্ত জানান, আলাউদ্দিন নগরে নিরাপদ পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পিকেটাররা।
ভেড়ামারা থানার ওসি পারভেজ ইসলাম জানান, গোলাপনগর বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাস জ্বালিয়ে দিয়েছে পিকটাররা।
এ ঘটনায় পুলিশ তিন বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে।
হরতালে অধিকাংশ দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকে। কোনো দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। শহরে রিকশাভ্যান ও অটোরিকশা চলাচল করেছে। অফিস আদালত ও স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।
মাগুরা
বেলা ১২টার দিকে শহরের ঢাকারোড বাসস্ট্যান্ড এলাকায় হরতাল সমর্থকরা কয়েকটি যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করেছে।
এর আগে সকাল ১১টার দিকে হরতাল সর্মথকরা মাগুরা-ঝিনাইদহ সড়কে মাগুরা শহরতলীর ইটখোলা বাজারে মিছিল থেকে কয়েকটি হাতবোমার বিস্ফেরণ ঘটানো হযেছে।
ভোলা
সকালে ভোলা-চরফ্যাশন সড়কে কমরউদ্দি এলাকায় ৫টি অটোরিকশা ভাংচুর করেছে পিকেটাররা।
এছাড়া ঘুইংগারহাট এলাকায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার চেষ্টা করলে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সদরে ৭ জন, লালমোহনে ২ জন, দক্ষিণ আইচায় ২ জন, দৌলতখান, চরফ্যাশন, বোরহানউদ্দিন ও তজুমদ্দিনে ১ জন করে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া
জেলা শহরের কালীবাড়ী মোড় থেকে সাদা পোশাকের পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনকে নিয়ে গেলে প্রতিবাদে শহরের বিভিন্নস্থানে হাতবোমার বিস্ফোরণ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি সমর্থকরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জেলা বিএনপির সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, সংঘর্ষে পুলিশের এক এএসআই এবং এক কনস্টেবল আহত হন। এছাড়া হরতাল সমর্থক ৫ জন গুলিবিদ্ধ হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এছাড়া শহরের কান্দিপাড়া, কালিবাড়ী মোড়, স্টেশন রোড, কলেজপাড়া, মৌড়াইল এলাকায় হরতাল সমর্থকরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
হরতালে দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি।
দিনাজপুর
হরতালে মোটরসাইকেল চালানোর কারণে দিনাজপুরের কাহারোলে পিকেটারদের হাতে লাঞ্ছিত হয়েছেন বিএনপির সাবেক সাংসদ রেজা হোসেন।
কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে কাহারোল উপজেলা বাজারের কাছে ব্রিজে পৌঁছালে পিকেটাররা তাকে লাঞ্ছিত করে।
পরে তিনি ক্ষমা চেয়ে হেঁটে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে এই বিএনপি নেতা জানান।
গোলাম মোস্তফা বাদশা জানান, রেজা হোসেন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে সাংসদ নির্বাচিত হন।
কিশোরগঞ্জ
শহরের পুলেরঘাটে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আহদের মধ্যে একজন স্থানীয় সাংবাদিক, ৫ পুলিশও রয়েছে।
এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা সংঘর্ষের খবর নিশ্চিত করেছে।
মাদারীপুর
সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়ায় বিএনপি কার্যালয় ভাংচুর করা হয়।
জেলা বিএনপির সভাপতি আবু বকর মুন্সী অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা রুবেল খানের নেতৃত্বে ২০/২৫ টি মোটরসাইকেল নিয়ে এসে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে পুরো অফিস ও ভেতরের টেলিভিশন, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে তছনছ করে ফেলে।
সদর থানার ওসি সুভাষ পাল বলেন, “বিএনপি অফিস ভাংচুরের খবর আমি শুনেছি। তবে এখনো আমি সেখানে যেতে পারিনি।”
নাটোর
রোববার সকালে সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া বাজারে ছাত্রদল ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে।
সংঘর্ষের সময় সাতটি মোটরসাইকেল ও চারটি দোকান ভাংচুর করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঙ্গাশিয়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া নাটোর সদরের হয়বতপুরে পিকেটাররা আটটি ট্রাক ও একটি বাস ভাঙচুর করেছে।
পাবনা
বেলা ১২টার দিকে পাবনায় বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বসের মুক্তির দাবিতে মোটর ও ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভায় হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা।
এতে সভাটি পণ্ড হয়ে যায়। সভাস্থলের মাইক এবং সভাস্থলের পাশে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করা হয়।
এর আগে শনিবার শিমুল বিশ্বাসের গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপির লোকজন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল নিক্ষেপ করলে যুবলীগ ও ছাত্রলীগকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
এর জের ধরেই রোববারের হামলার হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান।
