নির্বাচন বয়কট করবেন না: খালেদাকে ইইউ
আগামী নির্বাচন বয়কট না করে সংলাপের মাধ্যমে দ্বন্দ্বের অবসান ঘটাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান ইউরোপের কূটনীতিকরা।
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা তৈরি হওয়ায় প্রধান দুই পক্ষকে সংলাপে বসতে কূটনীতিকরা আহ্বান জানিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন ঢাকায় তাদের মিশন প্রধান উইলিয়াম হানা।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর হানা সাংবাদিকদের বলেন, “নির্বাচন বয়কটকে নিরুৎসাহিত করে বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছি আমরা।”
হরতালের মতো সংঘাতময় কর্মসূচিতে না দিতেও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন এই কূটনীতিকরা।
প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, জার্মানির রাষ্ট্রদূত আলবার্ট কনিয়ে, ফরাসি রাষ্ট্রদূত মিশেল ত্রিনকুইয়া, স্পেনের রাষ্ট্রদূত তেজাদা চাকোনসহ ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা।
বৈঠকের পর উইলিয়াম হানা তাদের একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। কোনো প্রশ্নের জবাব দেননি তিনি।
ইইউ মিশন প্রধান জানান, আগামী নির্বাচন ও চলমান সঙ্কট নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর কাছেও সময় চেয়েছেন তারা।
পৌনে এক ঘণ্টা ধরে তারা বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, সাম্প্রতিক সহিংস ঘটনাবলী, সংখ্যালঘু পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনা করেন।
বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
শমসের মবিন জানান, নির্বাচন বয়কট না করার আহ্বানের জবাবে তারা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়েছেন।
“বিরোধীদলীয় নেতা ইইউ রাষ্ট্রদূতদের জানিয়েছেন, গ্রহণযোগ্য নির্বাচন না হলে সেই নির্বাচনে বিএনপির যাওয়ার যৌক্তিকতা কোথায়? নির্বাচন অবশ্যই মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে।”
বিরোধী দল নির্বাচনের সময় ক্ষমতায় নির্দলীয় সরকার চায়। অন্যদিকে আওয়ামী লীগ বলছে সর্বদলীয় সরকারের কথা।
দুই পক্ষই তাদের অবস্থানে অনড় রয়েছে। মাঝে দুই নেত্রীর ফোনালাপ হলেও তাতে সংলাপের পথ এখনো খোলার ইঙ্গিত মেলেনি।
ফলে আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সঙ্কটের শঙ্কাও রয়েছে মানুষের মনে।
উইলিয়াম হানা বলেন,“আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সঙ্কটময় (ক্রিটিক্যাল)। আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা দেয়া।”
পাবনায় হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এতে নতুন করে তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আগামী নির্বাচনে ইইউ-এর পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতির কথাও বিরোধীদলীয় নেতাকে জানান ইইউ রাষ্ট্রদূত।
হরতালের মতো কর্মসূচি না দেয়ার অনুরোধ রেখে হানা বলেন,“এরকম কর্মসূচি বাংলাদেশের অগ্রগতির পথে অন্তরায় সৃষ্টি করে এবং দেশের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করি।”
হরতাল না দেয়ার অনুরোধে খালেদা জিয়া কী বলেছেন- জানতে চাইলে শমসের মবিন বলেন, “তিনি বলেছেন, দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার আদায়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবে,এটাই সাংবিধানিক অধিকার।”
মহাসচিব পর্যায়ে সংলাপে বসতে বিএনপি প্রস্তুত বলেও কূটনীতিকদের জানানো হয়েছে।
পাবনার বিষয়ে শমশের মবিন বলেন, “সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেছেন, পাবনার সাঁথিয়ায় হিন্দু মন্দিরের হামলায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি সরকারের একজন মন্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এ সংক্রান্ত খবরও পত্রিকায় এসেছে।”
ইউরোপের কূটনীতিকদের এই উদ্যোগের কয়েক মাস আগে আরব দেশগুলোর রাষ্ট্রদূতরা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তাদের অবস্থান জানান।
