২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার দরজা বন্ধ করিনি: খালেদা

নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ না হওয়ার জন্য সরকারকে দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 05:14 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

পুরনো খবর:

খালেদার পুরো বক্তব্য
‘দাওয়াত তো দিয়েই রেখেছি’

নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ না হওয়ার জন্য সরকারকে দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

শেখ হাসিনাকে ক্ষমতায় থেকে নির্বাচনে ক্ষমতাসীনদের অনড় অবস্থানের বিরুদ্ধে ‘শান্তিপূর্ণ’ আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারি দলের সঙ্গে মতদ্বন্দ্বের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর সংলাপ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে বিএনপি।

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবসের’ এই সমাবেশে খালেদা জিয়া উপস্থিত না হলেও তার ধারণ করা ভিডিও বক্তৃতা প্রচার করা হয়। ওই বক্তৃতায় সংলাপ ও আন্দোলন নিয়ে কথা বলেন তিনি।

খালেদা বলেন, “সরকার শর্ত জুড়ে আলোচনার পথ রুদ্ধ করলেও আমরা এখনো আলোচনার দরজা বন্ধ করিনি।”

টেলিফোনে প্রধানমন্ত্রীর আলোচনার আমন্ত্রণের জবাবে বিরোধী নেতা বলেছিলেন, হরতালের পর তিনি আলোচনায় বসতে রাজি আছেন।

এরপর আলোচনার উদ্যোগ নিতে দুই পক্ষ পরস্পরকে আহ্বান জানিয়ে আসছে। তবে কোনো পক্ষের উদ্যোগ দেখা যাচ্ছে না।

ওই ফোনালাপের পর বিরোধী দলের হরতাল কর্মসূচির জবাবে সরকারি দলের নেতারা বলছেন, হরতাল না করার ঘোষণা দিলেই  কেবল আলোচনা হতে পারে।  

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়া হলেই কেবল আলোচনা হতে পারে।

দুই দলের বিপরীতমুখী অবস্থানে তাদের সংলাপে রাজি করাতে উদ্যোগী হয়েছে ব্যবসায়ী নেতারা।

ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনায় বিএনপি রাজি বলে বক্তব্যে জানান বিরোধীদলীয় নেতা।

“আমি আজও বলছি, ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর জন্য আমরা এখনো অপেক্ষা করছি। আমি আশা করব, সরকার সংলাপের পথে ফিরে আসবে।”

বিরোধী দলের সঙ্গে আলোচনায় অনিশ্চয়তার মধ্যে সরকারি দলের নেতা ও মন্ত্রীরা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরুর কথা বলে আসছেন।

ক্ষমতাসীনদের এই অবস্থানকে সংলাপে তাদের ‘সদিচ্ছার’ অভাব হিসেবে দেখছেন বিএনপি চেয়ারপারসন।

“সরকার ইতোমধ্যেই সর্বদলীয় সরকারের নামে তাদের জোটভুক্তদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকেই নির্বাচন করার ব্যাপারে অনড় অবস্থান নিয়েছেন।”

এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে খালেদা বলেন, “জনগণকে শান্তিপূর্ণ পন্থায় আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

দেশের শতকরা ৯০ ভাগ মানুষ আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চায়- এই দাবি করে তিনি বলেন, “কিন্তু প্রধানমন্ত্রী দেশের মানুষের দাবি মানছেন না। তিনি ক্ষমতায় থেকে নির্বাচন করতে চান।”

সংবিধান সংশোধন করে সরকারই বর্তমান সঙ্কট তৈরি করেছে অভিযোগ করে বিরোধী নেতা বলেন, “এই সঙ্কটের সুরাহা ছাড়া প্রতিদ্বন্দ্বী সব পক্ষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সুযোগের সমতা আসবে না। সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না।”

সঙ্কট সমাধানে যেসব রাজনৈতিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবী সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের ধন্যবাদও জানান তিনি।

বক্তব্যের শুরু ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ‘সিপাহী-জনতার বিপ্লবের’ প্রেক্ষাপট তুলে ধরে খালেদা জিয়া বলেন, “আজও  বাংলাদেশ সঙ্কট কবলিত।”

নির্বাচনকে সমানে রেখে সর্বত্র দলীয়করণ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনও সরকারের ‘আজ্ঞাবহ’ ভুমিকা পালন করে চলছে বলে অভিযোগ তার।

সরকার বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালানোর পাশাপাশি বিরোধী দলের আন্দোলন নস্যাৎ করতে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে তার দায় বিএনপির ওপর চাপাতে চাইছে বলেও দাবি করেন খালেদা।

সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে সর্বাত্মক সর্তক থাকার জন্য দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের পর দলীয় চেয়ারপারসনের বক্তব্য বড় পর্দায় প্রচার করা হয়।

ভিডিওতে কোনো জনসভায় এটাই খালেদা জিয়ার প্রথম বক্তৃতা। এর আগে ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার আগে তৃণমূল ও প্রবাসী দলীয় নেতা-কর্মীদের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিয়েছিলেন তিনি।

এছাড়া ২০০৯ সালের ডিসেম্বরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ভিডিওতে ধারণ করা বক্তব্য প্রচার করা হয়েছিল ঢাকায় বিএনপির কাউন্সিল অধিবেশনে।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, শমসের মবিন চৌধুরী,বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু,আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, শিরীন সুলতানা প্রমুখ।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমও সমাবেশে বক্তব্য রাখেন।