২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার পুরো বক্তব্য

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. বিজ্ঞপ্তি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 07:22 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

সিপাহী-জনতার মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য

৭ নভেম্বর ২০১৩ইং

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় ভাই ও বোনেরা,

আসসালামু আলাইকুম।

দেশের এক সংকটজনক মুহূর্তে এবার সিপাহী-জনতার মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এসেছে। এই দিনটিতে ১৯৭৫ সালে সৈনিক ও জনতার মিলিত উত্থানে তাসের ঘরের মতো ধসে গিয়েছিল জাতিদ্রোহী ভয়ংকর চক্রান্ত। আমাদের জাতীয় স্বাধীনতা রক্ষা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিপ্লবে সেদিন যারা অংশ নিয়েছিলেন, আমি আজ তাদেরকে অভিবাদন জানাচ্ছি। সেদিনকার বিপ্লবে কেবল স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াই মুক্ত হননি। চক্রান্তের ঘেরাটোপ থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ। আজও বাংলাদেশ সংকট-কবলিত। সকলের সামনে প্রশ্ন, দেশে গণতন্ত্র থাকবে, নাকি স্বৈরশাসন চলবে? সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, নাকি একতরফা একদলীয় একটি সাজানো-পাতানো নির্বাচন হবে? দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে, নাকি সংঘাত হানাহানি চলতে থাকবে? আমরা সংঘাত-হানাহানি চাইনা। আমরা শান্তি চাই। তাই আমরা দীর্ঘদিন ধরে সংলাপের আহ্বান জানাচ্ছি। আমরা বলেছি, আলোচনার মাধ্যমে সমস্যার নিরসন করতে। দেশের শতকরা ৯০ ভাগ মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানে পক্ষে। কিন্তু বর্তমান সরকার সংবিধান থেকে এই ব্যবস্থা তুলে দিয়ে সংকট সৃষ্টি করেছে। এই সংকটের সুরাহা ছাড়া প্রতিদ্বন্দ্বী সকল পক্ষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সুযোগের সমতা আসবে না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনও সম্ভব হবে না। কিন্তু প্রধানমন্ত্রী দেশের মানুষের দাবি মানছেন না। তিনি ক্ষমতায় থেকে নির্বাচন করতে চান। তিনি বিরোধী দল থেকে তার সরকারে কিছু মন্ত্রী নেয়ার কথা বলেছেন। এ প্রস্তাব জনগণ গ্রহণ করেনি। আমি তাই নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের সরকার গঠনের একটা প্রস্তাব তুলে ধরি। আমি এ নিয়ে আলোচনার আহ্বান জানাই। প্রস্তাবটি বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদেও তুলে ধরা হয়। কিন্তু সরকারি দল এ প্রস্তাব নাকচ করে দেয়। এ নিয়ে আলোচনা করতেও তারা রাজী হয়নি। এরপর বাধ্য হয়ে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করি। আমি বলি, যদি তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে আলোচনায় বসতে রাজি হয় তাহলে আমরা আন্দোলন করবো না। আমি এমন আভাসও দেই যে, সমস্যা নিরসনে সরকার যদি কোনো এজেন্ডা নির্ধারণ ছাড়াও আলোচনায় বসতে চায়, আমরা তাতেও রাজি আছি। সে ক্ষেত্রে আলোচনা ও আন্দোলন পাশাপাশি চলবে। এরপর প্রধানমন্ত্রী আমাকে ফোন করেন। গণভবনে দাওয়াত করেন। তিনি বলেন, হরতাল প্রত্যাহার করে ২৮ তারিখেই আলোচনা করতে হবে তার দেওয়া প্রস্তাব নিয়ে। আমি বলেছি, আমরা তাঁর এবং আমার দেওয়া উভয় প্রস্তাব নিয়ে আলোচনায় রাজি। তবে সেটা ২৯ তারিখের পর যে কোনো দিন হতে পারে। ওই সময়ে আমার একার পক্ষে কেন আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করা সম্ভব নয় তা-ও আমি বলেছি। প্রধানমন্ত্রীকে আমি আরো বলেছি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের গণদাবি মেনে আলোচনায় রাজি থাকলে পূর্বঘোষণা মোতাবেক আমি এই মুহূর্তে আন্দোলনের সব কর্মসূচি স্থগিত করে ২৮ তারিখেই আলোচনায় বসতে পারি। প্রধানমন্ত্রী আমার কথা মানেননি। আমার সঙ্গে টেলিফোনে করা আলোচনা গোপনে রেকর্ড করে ইতোমধ্যে তা সরকারি উদ্যোগে প্রচারও করা হয়েছে। এই রেকর্ডিংয়ের কথা আমাকে আগে জানানো হয়নি। এমনকি সেটি প্রচারের ব্যাপারে আমার কোনো সম্মতিও  নেয়া হয়নি। এটা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে সরকারের যে কোনো সদিচ্ছা নেই, এর মধ্যে দিয়ে তা প্রমাণিত হয়েছে।

দেশবাসী জানেন, প্রধানমন্ত্রী এবং তার দায়িত্বশীল মন্ত্রীরা সভা-সমাবেশে, এমনকি জাতীয় সংসদেও আমার, আমার পরিবারের সদস্যবৃন্দ ও আমাদের দলের নেতৃবৃন্দ সম্পর্কে ক্রমাগত অরুচিকর ও ভিত্তিহীন নানা কুৎসা রটিয়ে থাকেন। এসব ব্যক্তিগত আক্রমণ ও কুৎসার জবাব দিতে আমার রুচিতে বাঁধে। তাই সাম্প্রতিক সংবাদ-সম্মেলনে আমি এই ব্যক্তি-আক্রমণের রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জানাই। তারপরেও টেলিফোনে আমন্ত্রণ জানাবার সময় প্রধানমন্ত্রী আমাকে সরাসরি বিভিন্ন বিষয়ে অভিযুক্ত করে তীর্যক মন্তব্য করতে থাকেন। আমি তার প্রতিটি অভিযোগের সুষ্পষ্ট জবাব দিয়েছি। আলোচনার প্রস্তাব দিয়ে ফোনে দাওয়াত করার সময় সদিচ্ছা থাকলে কেউ এমন অভিযোগ করে, তা আমার জানা ছিল না। আমি তাকে অতীতের কথা না তুলে বর্তমান সমস্যা নিয়ে কথা বলার জন্য বারবার  আহ্বান জানিয়েছি। আমরা ভবিষ্যতে একত্রে কাজ করতে চাই বলেও উল্লেখ করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি যেন আমাকে অভিযুক্ত করার জন্যই ফোনটি করেছিলেন। আমরা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই। তাই আমি ২৯ তারিখের পর যে-কোনো দিন আলোচনায় বসতে রাজি ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর প্রস্তাব ছিল শর্তসাপেক্ষ। তিনি এ আলোচনা ২৮ তারিখেই হতে হবে এবং কর্মসূচি প্রত্যাহার করে আসতে হবে বলে শর্তারোপ করেছেন। এই শর্ত দিয়ে তিনিই শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ করেছেন। এরপর ব্যবসায়ী নেতৃবৃন্দ আমার কাছে এসেছিলেন। তারা মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর প্রস্তাব করেন। আমি তাতে সম্মতি দেই। কিন্তু পরদিন প্রধানমন্ত্রী বলেছেন, ওই দিনই হরতাল প্রত্যাহারের ঘোষণা না দিলে আর কোনো আলোচনা হবে না। অর্থাৎ আবারো শর্ত দিয়ে তারা আলোচনার পথ থেকে সরে গেছেন। দেশবাসী দেখেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামায়াত ও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ, ১৭৩ দিন হরতাল, জ্বালাও-পোড়াও, ঘেরাও-অবরোধ, গান পাউডার দিয়ে পুড়িয়ে বাসযাত্রী হত্যা, বোমাবাজি, ভাঙচুর, বন্দর অচলসহ দেশব্যাপী কী ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। আমাদের আহ্বানে কখনো কোনো আলোচনায় তারা আসেনি, সাড়া দেয়নি। আমরা তেমনটা চাইনা বলেই বিরোধী দলে থেকেও দেশের স্বার্থে আমরাই বারবার আলোচনার আহ্বান জানাচ্ছি। সরকার শর্ত জুড়ে আলোচনার পথ রুদ্ধ করলেও আমরা এখনো আলোচনার দরোজা বন্ধ করিনি। আমি আজও বলছি, ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর জন্য আমরা এখনো অপেক্ষা করছি। আমি আশা করবো, সরকার সংলাপের পথে ফিরে আসবে। যে সকল রাজনৈতিক দল, সিভিল সমাজের সদস্য, পেশাজীবী, বুদ্ধিজীবী নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একটি সমঝোতার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। দেশবাসীকে অভিনন্দন জানাই আমাদের আন্দোলনে বিপুলভাবে শামিল হবার জন্য। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন আমি তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি মনে করি তাদের আত্মদান বৃথা যাবে না। সরকার ইতোমধ্যেই সর্বদলীয় সরকারের নামে তাদের জোটভুক্তদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকেই নির্বাচন করার ব্যাপারে অনড় অবস্থান নিয়েছেন। সংবিধান অনুযায়ী নির্বাচনের ৯০ দিনেরও কম সময় বাকি আছে। এ সময়েও সরকার সম্পূর্ণ বেআইনিভাবে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চলেছে। রাষ্ট্রীয় অর্থ ও সম্পদ ব্যবহার করে দলীয় প্রচার কাজ চালানো হচ্ছে। প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবিকে দলীয় ক্যাডার বাহিনীর মতো বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ ভূমিকা পালন করে চলেছে। বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত করে ফেলা হয়েছে। পিলখানা হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীদের ব্যাপারে সমাজে এখনও নানা প্রশ্ন রয়ে গেছে। মোটকথা, এ সরকারে অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যে সম্পূর্ণ অসম্ভব তা তারা নিজেরাই প্রতি পদক্ষেপে প্রমাণ করেছে। এ অবস্থায় জনগণকে এর বিরুদ্ধে শান্তিপূর্ণ পন্থায় আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। হত্যা, নির্যাতন, নিপীড়নের পথ পরিহারের জন্য বিদায়ী সরকারের প্রতিও আমি আহ্বান জানাচ্ছি।  তবে, জনগণের আন্দোলনকে বিভ্রান্ত করতে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্কে আমাদের অবস্থান ও দৃষ্টিভঙ্গী আমি আগেই পরিষ্কারভাবে তুলে ধরেছি। আওয়ামী লীগ এখন নানাভাবে তাদের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা শুরু করেছে। আমি বিরোধী দলের প্রতিটি নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাই, সব ধর্মের মানুষের জীবন-সম্পদ-সম্মান ও উপাসনালয়ের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন। কোথাও কেউ কোনো উস্কানি দেয়ার চেষ্টা করলে তা মিলিতভাবে মোকাবিলা করতে হবে। মনে রাখবেন, শত্রুরা সক্রিয় রয়েছে। এখন আমাদের বিভেদ নয়, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মহান বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সৈনিক-জনতার মিলিত উদ্যোগে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষার যে শিক্ষা দিয়েছে আমাদেরকে আজ সেই চেতনা নিয়েই সামনে এগুতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।