‘তারা দেশের ভাল চায় না’
বাচ্চাদের হাতে যারা বোমা তুলে দেয়, তারা দেশের ভাল চায় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
মন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, আপনারা যাই করেন, নির্বাচন হবেই। দেশের মানুষ সেবা চায়, দেশের মানুষ শান্তি চায়। শান্তির জন্যই নির্বাচন।
“জনগণ যা রায় দেবে সেটাই আমরা মেনে নেব,” বলেন মতিয়া।
নালিতাবাড়ী উপজেলার পাবলিক হল অডিটোরিয়ামে সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে তিনি চেক বিতরণ করেন।
তিনি নালিতাবাড়ী উপজেলার বাতকুচি, সমুচ্চুড়া ও গোপালপুর বিটের ১৪২ দশমিক ৫৩ হেক্টর সৃজিত বাগানের ১৪৬ জন উপকারভোগীর মধ্যে এক কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ করেন।
এছাড়া নয়টি মসজিদ, দুইটি মন্দির এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য সাত জন ক্রীড়াবিদের প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক প্রদান করেন।
জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মেহেদুল করীম, বিভাগীয় বন কর্মকর্তা মঈনুদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা বক্তব্য দেন।
