২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অধিবেশনেই সংকট নিরসন করুন: ফারুক

নবম জাতীয় সংসদের চলমান ১৯তম অধিবেশনেই ‘রাজনৈতিক সঙ্কট’ সমাধানের উদ্যোগ নিতে সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 02:27 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

তিনি বলেন, “সংসদ অধিবেশন আগামীকাল শেষ হওয়ার কথা রযেছে।আরো কতদিন চলবে জানি না।এই সংসদেই সঙ্কটের শেষ করুন।”

বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন বুধবার সংসদ ভবন চত্বরে হরতাল সমর্থনে এক সমাবেশে তিনি একথা বলেন।

সংবিধান অনুযায়ী আগামী ২৫ জানুয়ারির মধ্যে দশম জাতীয় নির্বাচন হবে। এ সময় আওয়ামী লীগ সরকারে থাকবে। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচিন সম্ভব নয় দাবি করে এর আপত্তি জানিয়ে আসছে বিএনপি।

এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়ে তাতে যোগ দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। তবে তা নাকচ করে নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ারও ঘোষণা দিয়েছে তারা।

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার চলতি সংসদ অধিবেশন শেষ হওয়ার কথা। গত ১২ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়। গত ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়া হলেও পরে এর মেয়াদ বাড়ানো হয়। তবে অধিবেশনের প্রয়োজনে সময়সীমা বাড়াতে বা কমাতে স্পিকারকে দায়িত্ব দেয় কার্য উপদেষ্টা কমিটি।

সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানোর সমালোচনা করে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেন, “অনির্ধারিত বক্তব্যের জন্য সংসদ অধিবেশন আর কতদিন চালাবেন। কোটি কোটি টাকা খরচ হচ্ছে। ২৪ অক্টোবরই এ সংসদের মেয়াদ শেষ হয়েছে।”

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “১৮ দলকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। খালেদা জিয়াকে নিয়েই নির্বাচন করতে হবে। যতই লম্ফ-ঝম্প করেন কোনো লাভ নেই। সকল দলকে সঙ্গে নিয়েই নির্বাচন করতে হবে।”

আগের দিন মানিক মিয়া অ্যাভিনিউয়ে যুব মহিলা লীগের হরতাল বিরোধী মিছিল থেকে বিএনপির সাংসদদের হরতাল করতে ‘বাধা’ দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ।

তিনি বলেন, “সংসদ অধিবেশনের সাত দিন আগে ও পরে এই এলাকায় বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। অথচ কাল লাঠিসোঠা নিয়ে আমাদের প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। মাননীয় স্পিকার কি এ বিষয়ে খবর নিয়েছেন।”

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, “অনেক বাকশালী বুদ্ধিজীবী নির্বাচনকালীন সরকারে স্পিকারকে প্রধান করার কথা বলেন। যিনি সহকর্মীদের নিরাপত্তা দিতে পারেন না তিনি কিভাবে নির্বাচন করবেন।”

জয়নুল আবদিন ফারুকের সভাপতিত্বে বিএনপির সাংসদদের ওই সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূইয়া, রাশেদা বেগম হীরা, হাফিজুর রহমান বক্তব্য দেন।

সমাবেশের আগে হরতালের সমর্থনে সংসদ চত্বরে মিছিল করেন বিএনপির সাংসদরা। তাতে দলটির ১৩ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।