‘বাংলাদেশে নাক গলাবে না যুক্তরাষ্ট্র’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে যুক্তরাষ্ট্র ‘নাক গলাবে’ না বলে জানিয়েছেন দেশটির এক আইন প্রণেতা।
সফররত কংগ্রেস সদস্য স্টিভ শ্যাবোট বলেন, “আমি এখানে এসেছি নিছকই পর্যবেক্ষক হিসেবে। আমি এখানে যা দেখব, তাই ফিরে গিয়ে কংগ্রেসের সহকর্মীদের জানাব।”
মঙ্গলবার আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় তার।
শ্যাবোট কংগ্রেসে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত পররাষ্ট্র বিষয়ক উপকমিটির চেয়ারম্যান।
আইনমন্ত্রীর সঙ্গে ‘খুব ভাল’ বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছি।”
বাংলাদেশের জনগণ নিজেদের জন্য সবচেয়ে মঙ্গলকর যা ঠিক মনে করবেন, তাই হবে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের আগামী নির্বাচনের সময়ে সরকারের ধরন নিয়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে শ্যাবোট ঢাকা সফর করছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় নির্বাচনকালীন সর্বদলীয় সরকার থাকবে, কিন্তু বিরোধী দল বিএনপি আগের তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবিতে অনড় রয়েছে।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত সফরের পর নিজের দেশ যুক্তরাষ্ট্র সফররত রাষ্ট্রদূত ড্যান মজীনাও প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন।
কূটনীতিক পরামর্শ ও পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাত্রা করেছেন মজীনা। এছাড়া তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী, নাগরিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন।
শ্যাবোট বলেছেন, “বাংলাদেশের কী করতে হবে, তা বলা যুক্তরাষ্ট্রের কাজ নয়।”
দুদিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছেন শ্যাবোট। তিনি এই অঞ্চলে বাংলাদেশের ভূমিকা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিষয়ে আলোচনা করতে এসেছেন বলে যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে।
বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী আলবদর নেতা আশরাফুজ্জামান খানকে ফেরতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে কি না জানতে চাইলে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি।
আইনমন্ত্রীর আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করে ‘শান্তিপূর্ণভাবে’ নির্বাচনকালীন সরকারের ধরন ঠিক করতে দুই প্রধান দলের সংলাপ প্রত্যাশা করেন শ্যাবোট।
রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও দেখা করেন যুক্তরাষ্ট্রের এই কংগ্রেস সদস্য।
সকালে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, কোনো পক্ষ থেকেই সহিংসতা কাম্য নয়।
