২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো সময় সংলাপ: ইনু

সর্বদলীয় সরকার গঠনের পরও বিরোধী দলের সঙ্গে সংলাপ হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “সংলাপের প্রস্তাব খোলা আছে। যে কোনো সময় সংলাপ শুরু হয়ে যেতে পারে।”

সর্বদলীয় সরকারে বিএনপি অংশ নেবে না বলে দলের মুখপত্রের ঘোষণার পরের দিন ইনু বলেন, “সর্বদলীয় সরকার গঠনের আগে সংলাপ না হলে সর্বদলীয় সরকার গঠনের পরেও সংলাপ হতে পারে। যদি বিরোধী দল এই সরকারকে (সর্বদলীয় সরকার) মেনে নেয় তাহলে সেখানে তাদের প্রতিনিধিও অন্তর্ভুক্ত হয়ে যাবেন।”

খালেদা জিয়া নির্দলীয় সরকারের দাবিকে আইনে পরিণত করতে চাচ্ছেন বলে অভিযোগ করেন মন্ত্রী।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“এনিয়ে তিনি (খালেদা জিয়া) গো ধরেছেন। গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতার জন্য এটা বিপজ্জনক বিষয়।”

বিএনপি আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চাইলেও সংবিধান সংশোধন করে অনির্বাচিতদের ক্ষমতায় আনতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিতে তাতে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শর্ত দিয়ে সংলাপে না এসে খালেদা জিয়া দেশকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন জাসদ সভাপতি।

হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার মধ্য নিয়ে খালেদা জিয়া নিজেকে নাশকতার রাণী, প্রতিহিংসার রাণী, সন্ত্রাসের রাণী হিসাবেই প্রতিষ্ঠিত করেননি, জঙ্গিবাদী-সন্ত্রাসী জামায়াতের তোতা পাখি হিসাবেও স্বরূপ উন্মোচন করেছেন।”