২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র যুবলীগে ফের মারপিট

জেল হত্যা দিবসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা পণ্ড হল যুবলীগের দুই পক্ষের মারপিটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 11:44 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

রোববার রাতে পালকি পার্টি সেন্টারে এই সভা ছিল। সভার মাঝপথে যুবলীগ নেতারা মারামারিতে জড়িয়ে পড়লে পুলিশ এসে সবাইকে বের করে দেয়।

যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি ভেঙে দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির প্রবাসী নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ চলছে। এর আগেই বিভিন্ন সভায় তাদের মধ্যে মারামারি বাঁধে।

রোববারের সভায় বক্তব্যে যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ঢাকায় যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর কার্যালয়ের সামনে বোমা হামলার নিন্দা এবং প্রতিবাদ জানান।

এই সময় দর্শক সারি থেকে যুক্তরাষ্ট্র যুবলীগের বর্তমান আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী উচ্চস্বরে বলে ওঠেন, “ওমর ফারুক চৌধুরীর অফিসে বোমা হামলা নিয়ে এখানে কেউ কোনো কথা বলতে পারবেন না।”

তখন যুবলীগের একদল কর্মী তার ওপর হামলা চালালে মারামারি বেঁধে যায়। আওয়ামী লীগের নেতারা তখন এদিক-সেদিক ছুটতে থাকেন।

উত্তেজনাকর অবস্থা দেখে পালকি পার্টি সেন্টারের মালিক হারুন ভূইয়া পুলিশ ডাকেন।

সবাইকে বের করে দিয়ে পুলিশ চলে গেলে পুনরায় আলোচনা সভার আয়োজন করেন আওয়ামী লীগের নেতারা। কিন্তু তাতে উপস্থিতি ছিল নগন্য।

গত জুন মাসে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান এক চিঠিতে যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি ভেঙে তারিকুল হায়দার চৌধুরীকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করেন।

কিন্তু অন্যদের প্রতিরোধে এখন পর্যন্ত একটি সভাও করতে পারেননি তারিকুল হায়দার।