২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অচিরেই মন্ত্রীদের পদত্যাগ’

নির্বাচনকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে ‘অচিরেই’ বর্তমান মন্ত্রীরা পদত্যাগ করছেন বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 02:02 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

নির্বাচনকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে ‘অচিরেই’ বর্তমান মন্ত্রীরা পদত্যাগ করছেন বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

শেখ হাসিনার সরকারের এই সদস্য বলেছেন, “অচিরেই বর্তমান মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেবেন। তারপর অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করবেন মাননীয় প্রধানমন্ত্রী।”

নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর এগিয়ে যাওয়ার ইঙ্গিতের প্রেক্ষাপটে শনিবার এক আলোচনা সভায় একথা বলেছেন সুরঞ্জিত।

নির্বাচনকালীন সরকারে যোগ দিতে বিএনপিকে যোগ দেয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “এটা শুধু অন্তর্বর্তীই হবে না, তত্ত্বাবধায়কও হবে। আপনি আপনার পছন্দসই ব্যক্তি ও মন্ত্রণালয়ের নাম পাঠাতে পারেন।”

আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনকালীন এই সরকারকে ‘অন্তর্বর্তী’ সরকার বোঝাচ্ছেন সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য সুরঞ্জিত।

‘অন্তর্বর্তী’ মন্ত্রিসভার সদস্য কতজন হবে, সে বিষয়ে সরকারি কোনো বক্তব্য এখনো পাওয়া না গেলেও আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিত, তা ১০ সদস্যের মধ্যে সীমাবদ্ধ হতে পারে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, “এই মন্ত্রিসভাটি আকারে ছোট হবে, অনেক নতুন মুখ আসবে।”

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে বিরোধী দলের নতুন কর্মসূচি ঘোষণার দিনই অন্তর্বর্তী মন্ত্রিসভার কথা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় বললেন সুরঞ্জিত।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল আগামী ৪-৬ নভেম্বর পর্যন্ত ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে।

সুরঞ্জিত বলেন, “সংঘাত আর সংলাপ একসাথে চলতে পারে না। আর ধ্বাংসাত্মক রাজনীতি নয়। জামায়াত, হেফাজতের সঙ্গ ত্যাগ করে গণতন্ত্রের পথে আসুন। হরতালের কর্মসূচি স্থগিত করে সমঝোতার উদ্যোগ নিন।”

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব নিয়ে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন শেখ হাসিনা।  

দুই দিন আগে এক আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছিলেন, সর্বদলীয় সরকার গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তবে সর্বদলীয় সরকারের বিষয়ে বিরোধী দল সম্মত নয়। তারা নির্দলীয় সরকারের প্রশ্নে অনড় অবস্থান নিয়েছে।

বিরোধী দলকে অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, “সময় কারো জন্য অপেক্ষা করে থাকবে না। আমি সাত বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, ভোটের রাজনীতি আমি ভালো বুঝি।

“আমি আবারো বলছি, এ ধরনের সুযোগ হাতছাড়া করা গণতান্ত্রিক ভাবে ঠিক হবে না।”

পুরনো খবর:

‘বিএনপি না এলে অন্যদের নিয়েই সর্বদলীয় মন্ত্রিসভা’
পথ একটিই: ফখরুল
খালেদার প্রত্যাখ্যানেও আশাবাদী হাসিনা