‘বিএনপি না এলে অন্যদের নিয়েই সর্বদলীয় মন্ত্রিসভা’
বিএনপি না এলে অন্য দলগুলোকে নিয়েই সর্বদলীয় মন্ত্রিসভা হবে এবং প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী সেই সরকারের অধীনে নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
শুক্রবার চাঁদপুরের কচুয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “তাদের যোগ দিতে বলেছি। তারা যদি না আসে, তাহলে অন্যান্য দল নিয়েই আমরা সরকার পরিচালনা করব।”
গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন এই ‘সর্বদলীয়’ মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন এবং বিরোধী দলকে তাতে যোগ দেয়ার আহ্বান জানান।
তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে সাবেক উপদেষ্টাদের নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পাল্টা প্রস্তাব তুলেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ওই প্রস্তাব মেনে নেয়ার দাবিতে বিরোধী দল আন্দোলনও করছে।
আর যারা গণতন্ত্র ও দেশের শত্রু, সংবিধান রক্ষার জন্য সরকার তাদের সর্বশক্তি দিয়ে দমন করবে বলেও উল্লেখ করেন তিনি।
“দেশের সকল জনগণ এই প্রতিহত প্রক্রিয়ায় সহযোগিতা করবে।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে স্বরাষ্ট্রমন্ত্রী বাসাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নিজের বাড়ি গুলবাহারে স্থানীয় যুবলীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
