২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় খালেদার সঙ্গে সিপিবি-বাসদ বৈঠক

রাজনৈতিক সঙ্কট নিরসনে সমঝোতার উদ্যোগের অংশ হিসাবে এবার বিরোধী দলীয় নেতার সঙ্গে বসছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 11:54 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘ সিপিবি-বাসদ নেতৃবৃন্দ বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। সে অনুযায়ী সাড়ে ৭টায় সময় নির্ধারিত হয়েছে।’’

ওই বৈঠকের পরপরই রাত সাড়ে ৮টায় বিরোধী দলীয় নেতা ১৮ দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন, যাতে আন্দোলনের কমৃসূচি চূড়ান্ত করা হবে বলে রিজভী জানান।

মঙ্গলবার রাতে খালেদা জিয়া দলের নীতিনির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে কর্মসূচি নিয়ে বৈঠক করেন।

অন্যদিকে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। 

সিপিবি সভাপতি সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলমান সংকট নিরসনের পথ বের করতেই তারা দুই নেত্রীর সঙ্গে এই বৈঠক করছেন।

সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে এবং ওই সময় পর্যন্ত সংসদ বহাল থাকবে, দেশ চলবে বর্তমান সরকারের অধীনেই।  

এ বিষয়ে আপত্তি তুলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছে বিরোধী দল বিএনপি।  নির্বাচনকালীন  সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার থাকা নিয়েও তাদের আপত্তি।

প্রধানমন্ত্রীর সর্বদলীয় মন্ত্রিসভার প্রস্তাব নাকচ করে সাবেক উপদেষ্টাদের নিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের যে প্রস্তাব বিরোধী দলীয় নেতা দিয়েছেন- সে বিষয়ে আলোচনার জন্য রোববার থেকে ৬০ ঘণ্টার হরতালও করেছে বিএনপি ও শরিকরা।

তিন দিনের এই হরতালে সারা দেশে সহিংসতায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। 

উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়ীদের পক্ষ থেকেও দুই প্রধান রাজনৈতিক দলকে সমঝোতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

পুরনো খবর:

দুই নেত্রীর সঙ্গে বসছে সিপিবি-বাসদ
গণতন্ত্র রক্ষায় বামদের সহায়তা চাইলেন শেখ হাসিনা