২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র রক্ষায় বামদের সহায়তা চাইলেন শেখ হাসিনা

গণতন্ত্র অব্যাহত রাখতে বাম দলগুলোর সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 12:02 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

অন্যদিকে সব দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন সিপিবি-বাসদের নেতারা।

রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে মঙ্গলবার দুই প্রধান জোটের বাইরে থাকা বামপন্থী দল দুটি আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বুধবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন।

বামপন্থীদের সঙ্গে মতবিনিময়ের শুরুতেই শেখ হাসিনা বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেটা বেশি প্রয়োজন- সেটা হল আমাদের গণতন্ত্রকে সুসংহত রাখা।

“আমরা এক সাথে অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। গণতন্ত্রকে সুসংহত করাই আমাদের লক্ষ্য।”

আওয়ামী লীগের এক সময়ের জোটসঙ্গী সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সকলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচনের কথা বলেছি। আমরা বলেছি, নির্বাচনের জন্য সমঝোতায় উপনীত হওয়া গুরুত্বপূর্ণ।”

দশম সংসদ নির্বাচনে পাল্টাপাল্টি অবস্থানে বিরোধীদলীয় নেতাকে টেলিফোন করে সংলাপের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। খালেদা জিয়া হরতাল শেষে সংলাপে বসতে রাজি থাকার কথা জানিয়েছেন।

শেখ হাসিনা সিপিবি-বাসদ নেতাদের সঙ্গে বৈঠকে গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় আওয়ামী লীগের চেষ্টার কথা তুলে ধরেন।

“১৯৭৫ এর পর যখন হত্যা-ক্যু’র যে রাজনীতি শুরু হয়েছিল, তা বন্ধের একটি উপায় ছিল গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা।”

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি।

অসাংবিধানিক সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে, সেজন্য বামপন্থীদেরও সজাগ থাকার পরামর্শ দেন আওয়ামী লীগ সভানেত্রী।

“গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রাখা সম্ভব হবে, যদি না অন্যকিছু এসে যায়।”

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার পরবর্তী সময়ের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

“কারাগারে ব্রিগেডিয়ার আমিন আমার সাথে কথা বলতে যেত। আমাকে বলা হয়েছিল, আমাকে প্রধানমন্ত্রীর স্ট্যাটাস দিয়ে রাখা হবে। কিন্তু, ইলেকশন করতে পারব না। মইনুদ্দিনকে প্রেসিডেন্ট বানানো হবে।”

সিপিবি-বাসদ নেতারা জামায়াত-শিবির নিষিদ্ধ, সাম্প্রদায়িকতাবিরোধী প্রচারণা জোরদারের পরামর্শ দেন।

ভোটের অনুপাতে সংসদের আসন বণ্টনের প্রস্তাব দিয়েছেন তারা।

সেলিম বলেন, “আমরা আরপিও সংশোধনের ঘোরতর বিরোধিতা করেছি এবং ‘না’ ভোটের বিধান চালু করার কথা বলেছি।”

একদিন আগেই সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল পাস হয়। এর ফলে এখন সরকারি চাকুরে ছাড়া অন্য কেউ যে কোনো দলে যোগ দিয়েই নির্বাচনে অংশ নিতে পারবে।   

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিপিবি সভাপতি সেলিম ছাড়াও অংশ নেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি নেতা মনজুরুল আহসান খান, হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আলাউদ্দিন আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্যাহ, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদেরও বৈঠকে ছিলেন।

পুরনো খবর:

সংলাপে দুই নেত্রী
খালেদার প্রত্যাখ্যানেও আশাবাদী হাসিনা
হাসিনার আমন্ত্রণ প্রত্যাখ্যান, বিএনপির হরতাল থাকছে