চতুর শিকারীরা মাছ ধরতে চায়: কাদের
নির্বাচন ঘিরে রাজনৈতিক সঙ্কটের মুখে কেউ কেউ ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের বলেন, সরকার ‘সংলাপের দরজা’ সবসময় খোলা রেখেছে। বিরোধী দলকে কোনো ধরনের শর্ত ছাড়া ‘খোলা মনে’ সংলাপে আসতে হবে।
তিনি বলেন, “চতুর শিকারীরা এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সঙ্কট উত্তরণে নির্বাচনের বিকল্প নেই।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করার জন্য রোববার থেকে তিন দিনের হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার টেলিফোন আলাপের পর সংলাপের আশা উজ্জ্বল হলেও বিএনপি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পিছিয়ে দেয়ায় অনিশ্চয়তা থেকেই যায়।
ফাইল ছবি
“মীমাংসা চাইলে সহিংসতা বন্ধ করতে হবে। সহিংসতা ও সংলাপ একসাথে চলতে পারে না।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন যোগাযোগমন্ত্রী।
সে সময় তিনি জানান, আগামী ডিসেম্বর থেকে বাবুবাজার সেতুর টোল মওকুফ করে দেয়া হবে।
সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
