তাঁতিবাজারে ক্লাবে আগুন, শেওড়াপাড়ায় গুলি
বিরোধী দলের হরতালের মধ্যে রাজধানীর তাঁতিবাজার এলাকার একটি ক্লাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত পৌনে ১১টার দিকে তাঁতিবাজার মোড়ে ওই ক্লাবে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালায় বলে বংশাল থানার উপ পরিদর্শক খোদা নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সেটি কোনো দলীয় ক্লাব নয় বলে পুলিশ দাবি করলেও এলাকাবাসী জানায়, স্থানীয় বিএনপিকর্মীরা সেখানে নিয়মিত আড্ডা দিতেন।
এদিকে পশ্চিম শেওড়াপাড়া আনন্দবাজার এলাকায় রাত সাড়ে ১০টার দিকে ৫/৬ জন মোটর সাইকেল আরোহী কয়েক যুবক ৫/৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনন্দবাজার এলাকার যুবকদের ছোড়া গুলির কয়েকটি খোসা এখনো রাস্তার পড়ে আছে।”
মিরপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, “আনন্দবাজারে কয়েক যুবক ফাঁকা গুলি করেছে এমন কথা পুলিশ শুনেছে। তবে কাউকে চিহ্নিত করে আটক করা সম্ভব হয়নি।”
