খালেদার বক্তব্যের সমালোচনা সংসদে
নির্বাচনের দিন গণনার শুরু হলে সরকার ‘অবৈধ’ হয়ে যাবে বলে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে সংসদকে জানিয়েছেন ডেপুটি স্পিকার শওকত আলী।
বিরোধীদলীয় নেতার বক্তব্য নিয়ে রোববার সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে মহাজোটের বেশ কয়েকজন সংসদ সদস্যের সমালোচনার মধ্যে ডেপুটি স্পিকার একথা বলেন।
শওকত আলী বলেন, “অনেকে অনেক কথা বলেন, এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই। আমরা সংবিধান মেনে চলব।”
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের মঈন উদ্দিন খান বাদল, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু এই আলোচনায় অংশ নেন।
“তিনি কি কাউন্টার রেভ্যুলশনের চেষ্টা করছেন? এর উপাদান জড়ো করছেন,” প্রশ্ন করেন তিনি।
বাদল বলেন, “সাকা চৌধুরী আর কাদের মোল্লাকে সমর্থন করবেন, আর আপনার (খালেদাজিয়া) সাথে কথা বলতে হবে- আপনার স্পর্ধার একটা সীমা থাকা দরকার।”
১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতালের বিরোধিতা করে এই জাসদ নেতা বলেন, “আলোচনার টেবিল প্রস্তুত, তাহলে অগ্নুৎপাত কেন? ১১ জন মানুষের মৃত্যুর দায় কে নেবে?”
“যুদ্ধের একটা নীতি থাকে। আন্দোলনের অলিখিত একটা নিয়ম থাকে। কিন্তু উনারা কোনো নিয়মই মানছেন না।”
“এদেশে রাজতন্ত্র না থাকলেও কাউকে কাউকে রানী বানিয়ে ফেলেছি, যারা আইন-আদালতের ঊর্ধ্বে। বিষয়টির দিকে সংসদের নজর দেয়া উচিত।”
খালেদা জিয়া ‘মিথ্যাচার’ করছেন মন্তব্য করে শেখ সেলিম বলেন, প্রধানমন্ত্রী শর্তবিহীন যে কোনো বিষয়ে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন। আর তিনি (খালেদা জিয়া) শর্ত দিয়ে আলোচনায় আসতে চান।
“বিএনপি জামায়াতের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারছে না। জামায়াতের ইচ্ছেতেই বিএনপি চলছে এবং খালেদা জিয়া পাকিস্তানের পক্ষে কথা বলছেন।”
সেলিম বলেন, নির্দলীয় সরকার বলতে সংবিধানে কিছু নেই। উচ্চ আদালত রায় দিয়েছে জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া এক মুহূর্তও এই প্রজাতন্ত্র চলতে পারবে না।
খালেদা জিয়া দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চান বলে দাবি করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, “বিরোধীদলীয় নেত্রী কোন সূত্র ধরে সরকার ও সংসদকে অবৈধ বলছেন, তা আমরা জানি না। অল্প বিদ্যা ভয়ংকারী- এটা তাকে আমি বলব না। তবে ‘লিমিটেড ল্যাংগুয়েজ’ নিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না।”
সংবিধানের ২১ ও ৭(ক) অনুচ্ছেদের দিকে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহসম অপরাধ করেছেন। তিনি সংবিধানের ঊর্ধ্বে নন।”
সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ব্যাখ্যা করে সুরঞ্জিত বলেন, রাষ্ট্রপতি ভেঙে না দিলে সংসদের মেয়াদ প্রথম বৈঠক থেকে ৫ বছর, অর্থাৎ ২৪ জানুয়ারি পর্যন্ত।
“আর নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমান সরকার তার দায়িত্ব পালন করবে।”
বিরোধী দল বাংলাদেশকে আফগানিস্তান ও ইরাক বানাতে চায় বলে দাবি করেন আমু।
“আলোচনার নামে কালক্ষেপণ করে তারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়।”
তোফায়েল বলেন, “রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত নিয়ে বিরোধীদলীয় নেত্রীর বেঁধে দেয়া সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ফোন করেছেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ আজ দেশবাসী ব্যাপক সমর্থন জানাচ্ছে এবং বিরোধীদলীয় নেত্রীর সিদ্ধান্তকে ভুল হিসেবে আখ্যায়িত করছেন।
“সোহরাওয়ার্দী উদ্যানে বিরোধীদলীয় নেত্রী দুই দিনের মধ্যে সংলাপের উদ্যোগ না নিলে হরতাল পালনের কথা বললেও তিনি কথা রাখেননি। এসব করে দেশে তিনি কি কাউকে দাওয়াত দিচ্ছেন?”
