২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আ. লীগ-জামায়াত সংঘর্ষ

রংপুরের মিঠাপুকুরে আওয়ামী লীগ ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 11:54 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রোববার বিকাল ৫টার দিকে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে ওই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা রংপুর-বগুড়া মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। ওই স্থান দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় সংঘর্ষ বাধে।

এ সময় হরতাল সমর্থকরা আওয়ামী লীগের মিছিলে অন্তত ২০টি হাতবোমা  নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান ওসি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার অভিযোগ করেন, শান্তিপূর্ণ হরতাল বিরোধী মিছিলে জামায়াত-শিবির কর্মীরা বোমা ছোঁড়ে এবং লাঠিসোটা নিয়ে  হামলা করে।

এতে  দলের ১০/১৫ জন কর্মী আহত হয় বলে দাবি করেন তিনি।

অবশ্য অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বলেন, আওয়ামী লীগই তাদের মিছিলে হামলা চালিয়েছে। এতে তাদের ১০ কর্মী আহত হয়।

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বলেন, দুপক্ষের সংঘর্ষের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।