‘খালেদা রাষ্ট্রবিরোধিতার প্রমাণ দিয়েছেন’
জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের আগামী নির্বাচনে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
রোববার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্থাপিত ‘গণতন্ত্র রক্ষা মঞ্চে’ অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মহিউদ্দিন বলেন, জননেত্রী শেখ হাসিনা উদারতা দেখিয়ে বিরোধী দলীয় নেত্রীকে যে প্রস্তাব করেছেন তা প্রত্যাখ্যান করে তিনি যে হরতাল ডেকেছেন তা গণবিরোধী।
“বেগম জিয়া প্রমাণ করেছেন তিনি রাষ্ট্রবিরোধী। তার কাছে দেশপ্রেমের ন্যূনতম মূল্যবোধ নেই।”
অর্ন্তবর্তীকালীন সরকারে অধীনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, এর পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করুন। এই গণস্বাক্ষর নৌকার বিজয়ের অবলম্বন।
নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাসদ নগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল ও মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।
