আলোচনার ভিত্তি হবে সংবিধান: মতিয়া
দুই নেত্রীর টেলিফোন আলাপের পর বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রতিষ্ঠা নিয়ে সংলাপ চাইলেও সংবিধানের বাইরে যেতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, “আলোচনা হলে ভিত্তি হবে সংবিধান।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনে বিলুপ্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। ফলে আগামী ২৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠেয় দশম সংসদ নির্বাচনের সময় ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ।
দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপির আপত্তির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানের মধ্যে থেকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দেন। এর পাল্টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্দলীয় সরকারের প্রস্তাব দেন।
এর মধ্যেই শনিবার প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন বিরোধীদলীয় নেতার সঙ্গে। তাকে সোমবার গণভবনে আমন্ত্রণ জানান আলোচনার জন্য। তবে খালেদা সেই প্রস্তাব গ্রহণ না করে তিন দিনের হরতালের পর আমন্ত্রণ গ্রহণ করতে রাজি আছেন বলে জানান।
মতিয়া বলেন, “আমরা আশা ছাড়িনি, দাওয়াত প্রত্যাহারও করিনি। অধৈর্যও হতে চাই না। তবে সংলাপ না হলে জনগণ এর বিচারক।”
শেখ হাসিনার সঙ্গে আলাপচারিতায় খালেদা জিয়ার ‘সৌজন্যও শালীনতার’ অভাব ছিল, বলেন মতিয়া।
শুক্রবার ঢাকায় জনসভায় ব্ক্তব্যে খালেদা জিয়া শনিবারের মধ্যে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, তা না হলে রোববার থেকে ৬০ ঘণ্টার হরতাল হবে।
টেলিফোন আলাপে শেখ হাসিনা হরতাল প্রত্যাহারের অনুরোধ জানালে খালেদা জিয়া বলেন, জোটের ডাকা এই কর্মসূচি এই মুহূর্তে প্রত্যাহার সম্ভব নয়।
চট্টগ্রামের রোববার আওয়ামী লীগের এক সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রধানমন্ত্রী দুপুরে বিরোধীদলীয় নেতাকে ফোন করলেও তাকে পাননি। পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ফোনটি বিকল হয়ে আছে। সন্ধ্যায় মোবাইল ফোনে কথা হয় দুই নেত্রীর।
কৃষিমন্ত্রী মতিয়া বলেন, “খালেদা জিয়ার লাল ফোন এভাবে নষ্ট হওয়ার কথা নয়। আমাদেরও লাল ফোন ব্যবহারের অভিজ্ঞতা আছে। লাল ফোন নিয়ে তিনি অসত্য কথা বলছেন- মেকানিকরা এটা বলেছেন।”
বিএনপি চেয়ারপারসনের কথা মেনে হরতাল শেষে তাকে আবার সংলাপের আমন্ত্রণ জানানো হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে এবং ১৪ দলের ভেতরেও আলোচনার প্রয়োজন আছে।
সংসদ সদস্যদের নিয়ে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নিয়ে সরকার গঠনে খালেদা জিয়ার প্রস্তাবের প্রতিক্রিয়ায় মতিয়া বলেন, “উনি কি উনার এমপিদের বিশ্বাস করেন না। বাইরের লোকদের বিশ্বাস করেন?”
বিরোধী দলের হরতালের সময় ও আগের দিন বিচারপতি, মন্ত্রী-এমপি, সিইসি ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সামনে বোমা হামলার সমালোচনা করে তিনি বলেন, “দেশে তো কোনো বিশ্বযুদ্ধ চলছে না।”
‘ধ্বংসাত্মক ও সংঘাতমূর্তি’ পরিবর্তন করে খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের পথে’ আসারও আহ্বান জানান মতিয়া।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে মতিয়ার সঙ্গে ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক প্রমুখ।
