হানিফ বাদ পড়ায় কুষ্টিয়ায় দলের অনেকেই খুশি
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বাদ পড়ার পর নিজ জেলা কুষ্টিয়ায় দলীয় নেতারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার হানিফকে এ পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
দলের নেতাদের কেউ বলছেন হানিফকে আরো আগে সরানো দরকার ছিল। আবার কেউ বলছেন হানিফ নিজেই নেত্রীর কাছে অব্যাহতি চেয়েছেন নির্বাচনে কাজের সুবিধার জন্য।
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার উপর যে দায়িত্ব অর্পণ করেছিলেন তা পালন করতে গিয়ে নিশ্চয় কোনো ত্রুটি নেত্রীর কাছে ধরা পড়েছে, যে কারণে আজ তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ ছিল বলেও আফাজ উদ্দিন দাবি করেন।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ’র সিনিয়র সহসভাপতি পৌর মেয়র আনোয়ার আলী বলেন, প্রধানমন্ত্রী এতদিনে বুঝেছেন যে তিনি ‘অপাত্রে ঘি ঢেলেছেন’।
এতদিনে জেলায় সংঠনকে যেভাবে ‘দূর্বৃত্তায়িত’ করে রেখেছিলেন এখন সেখান থেকে দল ‘রাহুমুক্ত’ হল, বলেন তিনি।
তবে, ভিন্ন কথা বলেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসলে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে যাতে সঠিকভাবে কাজ করতে পারেন সেজন্য তিনি (হানিফ) নিজেই দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন।
তিনি অপসারিত হয়েছেন একথা ঠিক নয়। এ ঘটনার কারণে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের রাজনীতিতে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, বলেন আজগার আলী।
