সমাবেশ থেকে ফেরার পথে পুলিশের দিকে বোমা
সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের জনসভা শেষে ফিরে যাওয়ার সময় মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শাহবাগ থানার উপপরিদর্শক ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, “বিএনপি চেয়ারপারসনের বক্তৃতা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি মিছিল আসতে দেখি। ওই মিছিল থেকে জামায়াত-শিবিরের পক্ষে স্লোগান দেয়া হচ্ছিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।”
এর আগে ওই সমাবেশে সরকারকে দুই দিনের মধ্যে সংলাপের উদ্যোগ নেয়ার সময় বেঁধে দিয়ে কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।
তিনি বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে সংলাপ শুরু না হলে রোববার থেকে সারা দেশে তিন দিনের টানা হরতাল পালন করা হবে।
