২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিগবাজির’ পথ খুলছে

নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দল পরিবর্তনের সুযোগ তৈরি করে দিতে আইন সংশোধনের একটি প্রস্তাব উঠতে যাচ্ছে সংসদে।

মঈনুল হক চৌধুরী

ও সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 10:11 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বর্তমান গণপ্রতিনিধিত্ব আদেশে কোনো দলের প্রার্থী হতে চাইলে কমপক্ষে তিন বছর ওই দলের সঙ্গে যুক্ত থাকার বিধান রয়েছে।

এই সংক্রান্ত ধারাটি এখন বিলোপের সুপারিশ করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় প্রার্থী হতে তিন বছরের সদস্য পদ থাকা সংক্রান্ত আরপিও’র ১২ অনুচ্ছেদের ১ (ঞ) উপধারাটি উঠিয়ে দেয়ার সুপারিশ করেছি।”

আরপিও ১২ অনুচ্ছেদে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী হতে সংশ্লিষ্ট দলে কমপক্ষে তিন বছর সদস্য থাকার বাধ্যবাধকতা রয়েছে।

তবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এ বিষয়ে কোনো অভিজ্ঞতার কথা উল্লেখ নেই। শিথিলতা রয়েছে নতুন নিবন্ধিত দলের ক্ষেত্রে।

ধারাটি বিলোপের বিষয়ে কমিটির যুক্তির কথা তুলে ধরেন ফজলে রাব্বি বলেন, “একজন স্বতন্ত্র প্রার্থীর সদস্য পদ নিয়ে [রাজনৈতিক অভিজ্ঞতা] কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু নিবন্ধিত দলের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে।”

“এ বিধান সংবিধান পরিপন্থী। এজন্য কমিটি বিলোপ চায়,” বলেন জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে আসা এই নেতা।

দশম সংসদ নির্বাচনের দিন গণনা শুরুর ঠিক আগ মুহূর্তে এই আইন সংশোধনের সুপারিশ করছে সংসদীয় কমিটি, যাতে দল পরির্বনের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের রাজনীতিতে দলবদল করে নির্বাচনে অংশ নেয়ার উদাহরণ অনেক, যাকে অনেকে রাজনীতিতে ‘ডিগবাজ’ বলে থাকেন।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল নিবন্ধনের পাশাপাশি আইন সংশোধন করে দলবদল করেই সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ বন্ধ করা হয়। 

নির্বাচনের বছর গত ৩০ সেপ্টেম্বর বেশ কিছু প্রস্তাব এনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সংসদীয় কমিটি এখন নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে দলে থাকার বাধ্যবাধকতা তুলে দেয়ার পক্ষে অবস্থান নিল।

এর আগে মহাজোটের শরিক জাতীয় পার্টির পক্ষ থেকে বিধানটি বিলোপে বিশেষ প্রস্তাব দেয়া হয় নির্বাচন কমিশনে। তা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা উঠেছিল।

‘অসাংবিধানিক হওয়ার প্রশ্নই উঠে না’

সংসদীয় কমিটির এই সুপারিশে আপত্তি জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। তার সময়েই অন্তত তিন বছর দলে থাকার বাধ্যবাধকতার বিধান যুক্ত হয়।

তিনি বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটের আগে ভুঁইফোড় কিছু লোক ও মনোনয়ন বেচাকেনার আবির্ভাব ঘটে। তা রোধ করে রাজনীতিকদের জন্য সুস্থ ধারা বজায় রাখতেই বিধান যুক্ত করা হয়।”

আইনজ্ঞ ও দলগুলোর সঙ্গে কথা বলেই আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর তা সংসদে পাস হয় বিলটি।

“কোনোভাবেই এ বিধানকে সংবিধান পরিপন্থী বলা ঠিক হবে না,” বলেন শামসুল হুদা।

পুরনো খবর:

সুযোগ আর এক বছর