২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ আর এক বছর

যশোর জেলা বিএনপির সভাপতি ছিলেন আলী রেজা রাজু, ১৯৯৬ সালে দলের মনোনয়ন না পেয়ে রাতারাতি যোগ দিয়ে আওয়ামী লীগের টিকিট নেন, সংসদ সদস্যও হন। এখন তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি।

মঈনুল হক চৌধুরী

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 04:28 AM

Updated : 26 Apr 2022, 12:51 AM

একই জেলার অন্য একটি আসনে ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ছিলেন সাখাওয়াত হোসেন, পরে যোগ দেন বিএনপিতে। এরপর বিভিন্ন নির্বাচনের আগে বিভিন্ন দলে যোগ দিতে দেখা যায় তাকে। এলডিপি, পিডিপি হয়ে সর্বশেষ নির্বাচনে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে মহাজোটের মনোনয়ন চেয়েছিলেন, তবে পাননি।

ফেনীর মাহবুবুল আলম তারা, জাফর ইমাম, নোয়াখালীর মাহবুবুর রহমান, চট্টগ্রামের নজিবুল বাশার মাইজভাণ্ডারী, নড়াইলের ধীরেন্দ্র নাথ সাহা, রাজশাহীর মো. আলাউদ্দিন (প্রয়াত) - এ রকম অনেকেই নির্বাচনের আগে আগে দল বদলের নজির দেখান। এ তালিকা দীর্ঘ। রাজনীতি থেকে বিচ্ছিন্ন অনেকের নির্বাচনের আগেই কোনো দলে যোগ দিয়ে মনোনয়ন পাওয়ার নজিরও কম নয়।

এতদিন পর্যন্ত এভাবে নির্বাচনে অংশ নেওয়া গেলেও বর্তমান আইন অনুযায়ী আগামী অর্থাৎ দশম সংসদ নির্বাচনে সে সুযোগ থাকছে না। ওই নির্বাচনে কোনো দলের প্রার্থী হতে হলে কমপক্ষে তিন বছর দলের সদস্যপদ থাকতে হবে। যার অর্থ, ২০১৪ সালে অনুষ্ঠেয় নির্বাচনে কোনো দলে মনোনয়ন পেতে হলে কাউকে এ বছরের মধ্যেই ওই দলে যোগ দিতে হবে।

নবম সংসদেই প্রথমবারের মতো দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ায় তিন বছরের সদস্যপদের বাধ্যবাধকতার বিষয়টি দলগুলোর ওপর কার্যকর ছিলো না।

রাজনীতিকদের দল বদল নিয়ে বিভিন্ন সময়ে নাগরিক সমাজ আপত্তির কথা জানিয়ে আসছে। এর মধ্য দিয়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয় বলেও মনে করেন তারা।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অতীতে দেখেছি, দলীয় আদর্শ ছুড়ে ফেলে রাতারাতি দলবদল করে মনোনয়ন পায় একশ্রেণীর ব্যক্তি। এতে করে সব ধরনের দুর্নীতি এবং অগণতন্ত্রায়নের শুরু হয়।"

একাধিক দলের হয়ে সংসদ সদস্য হয়েছেন- এমন রাজনীতিকদের মধ্যে রয়েছেন মওদুদ আহমেদ, সরদার আমজাদ হোসেন, শাহ মোয়াজ্জেম হোসেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, খালেদুর রহমান টিটো, শফিকুল গণি স্বপন, অলি আহমদ প্রমুখ।

দশম সংসদ নির্বাচনে দলবদল করেই প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না জানিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের ব্যক্তিরা সময় পাচ্ছে শুধু এ বছরটি। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থীকে নিবন্ধিত দলের ন্যূনতম তিন বছরের সদস্যপদ থাকতে হবে।"

তিনি বলেন, কোনো প্রার্থী তিন বছর ধরে সংশ্লিষ্ট দলের সদস্য নেই- এমন অভিযোগ পেলে তা তদন্ত করে দেখবে ইসি।

নির্বাচনী আইন কঠিকভাবে প্রয়োগের আহ্বান জানিয়ে আকবর আলি বলেন, "দলগুলোকে আইন মানতে হবে। এর মধ্য দিয়ে গণতন্ত্রায়ন হবে ভেতরে-বাইরে। সদস্যপদ নিয়ে কোনো ধরনের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ হলে তা ফৌজদারি ও নির্বাচনী মামলায় দেওয়ার সুযোগ রয়েছে। যাতে সদস্যপদ হারাবে ওই প্রার্থী।"

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান মনে করেন, আদর্শহীনতার কারণেই দলবদলের 'রাজনীতির খেলা' চলছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নষ্ট রাজনীতির ফসল হচ্ছে এ 'ডিগবাজি খেলা'। আদর্শভিত্তিক রাজনীতি থাকলে এটা থাকতো না।"

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ বলেন, নির্বাচনী আইনের সংস্কারের পর অধিকাংশ দলের মনোভাবেও পরিবর্তন এসেছে। নির্বাচন কমিশনও প্রাথমিকভাবে আইনপ্রয়োগে সফলতা দেখিয়েছে।

নবম সংসদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইসি আগামী দিনেও তা ধরে রাখবে- এমন প্রত্যাশা তার।

সাখাওয়াত বলেন, "আমরা (বর্তমান কমিশন) আগামী নির্বাচনের সময় থাকবো না। তবে নির্বাচনী আইন প্রয়োগের বিষয়ে ইসিকে সবসময় কঠোর থাকতে হবে। আশা করি, আগামীতেও তা-ই হবে।"

নবম সংসদ নির্বাচনে প্রথমবার আইনের প্রয়োগে কিছুটা সমস্যা হলেও আগামীতে তা কাটিয়ে ওঠার কথা বললেন ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদও।