২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীতে ১৩ শর্তে অনুমতি বিএনপিকে

অনেক নাটকীয়তার পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার ১৩ শর্তে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:28 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট প্রায় দুই সপ্তাহ আগে শুক্রবারের এই জনসভার কর্মসূচি ঘোষণা করে। সে  সময় নয়া পল্টন, সোহরাওয়ার্দি উদ্যান ও পল্টন ময়দানে জনসভার অনুমতি চেয়ে  মহানগর পুলিশের কাছে আবেদন করে তারা।

ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিনে রাজধানীতে কর্মসূচি পালনের ঘোষণা দিলে জনমনে সৃষ্টি হয় সংঘাতের আশঙ্কা। এই প্রেক্ষটে ২০ অক্টোবর থেকে ঢাকা মহানগর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ।

এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার প্রস্তাব দেন এবং বিরোধী দলকে তাতে যোগ দেয়ার আহ্বান জানান।  

এর দুদিন পর ২১ অক্টোবর ওই প্রস্তাব নাকচ করে সাবেক উপদেষ্টাদের নিয়ে নির্বাচনকালীন ‘নির্দলীয়’ সরকারের পাল্টা প্রস্তাব তোলেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

সভা সমাবেশে নিষেধাজ্ঞার কারণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপিপন্থী সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় সম্মেলন প্রথমে আটকে দিলেও পরে শর্তসাপেক্ষে অনুমতি দেয় পুলিশ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকার ছাড়া তার দল নির্বাচনে যাবে না।    

এদিকে খালেদার প্রস্তাবের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি পাঠান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে। মির্জা ফখরুর যখন টিভি ক্যামেরার সামনে সংবাদ সম্মেলন করে বিষয়টি কথা জানাচ্ছেন, তখনই আশরাফ ফোন করে চিঠি পাওয়ার কথা জানালে নাটকীয় গতি পায় সংলাপের চাকা।

এরই মধ্যে কূটতৈনিক পর্যায়েও দূতিয়ালী চলতে থাকে।     

সংলাপের সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যেই ঢাকার পর অন্যান্য বিভাগীয় শহরগুলোতে শুক্রবার পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা আসায় চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় সভা-সমাবেশে পুলিশের নিষেধাজ্ঞা আসে। বিভিন্ন স্থানে আইনশঙ্খলা রক্ষায় নামানো হয় বিজিবি।     

বিরোধী দল যে কোনো মূল্যে নয়া পল্টনে সমাবেশ করার ঘোষণা দিলে ক্ষমতাসীনরাও মাঠে থাকার ঘোষণা দেয়।

এরই মধ্যে নয়া পল্টনে সমাবেশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার দুপুরে আবারো ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করে বিএনপি।

বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমির কাছে এ আবেদনপত্র জমা দেন।

এর ঘণ্টা চারেক পর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দেয়া হলো।