আলোচনার দ্বার খুলল: মজীনা
বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে দুই নেত্রীর প্রস্তাব সংলাপের দ্বার খুলবে বলে আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।
সোমবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এই আশার কথা জানান।
প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিকালেই সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাব উত্থাপন করেন বিএনপি চেয়ারপারসন। তার সঙ্গে দেখা করতে রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান ড্যান মজীনা।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, “প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে আলোচনার দরজা খুলে দিয়েছেন। বিরোধী দলীয় নেতাও আজ বক্তব্য রেখেছেন। আমরা আশাবাদী দুই নেত্রীর বক্তব্যে আলোচনার দ্বার উন্মোচিত হবে।”
শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারে অনির্বাচিতদের দেখতে না চাইলেও খালেদা জিয়ার প্রস্তাবে তাদের নামই বলা হয়েছে। তিনি ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে ১০ জনকে নেয়ার প্রস্তাব করেছেন।
বিরোধীদলীয় নেতার প্রস্তাব ‘পশ্চাৎ-মুখী’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেছেন, এতে রাজনৈতিক সঙ্কট আরো ‘ঘনীভূত’ হল।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের বিষয়ে ড্যান মজীনা বলেন, “বিরোধীদলীয় নেতার সঙ্গে অর্থবহ আলোচনা হয়েছে। আমরা আগামীতে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ও আলোচনার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি।”
সন্ধ্যা সোয়া ৭টায় ড্যান মজীনা খালেদা জিয়ার কার্যালয়ে যান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বিরোধীদলীয় নেতার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানও বৈঠকে ছিলেন।
ড্যান মজীনা বলেন,বিএনপি ক্ষমতায় গেলে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করা হবে বলে খালেদা জিয়া তাকে জানিয়েছেন।
সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, “আমার মত হচ্ছে, শান্তিপূর্ণ সভা-সমাবেশ-প্রতিবাদ জানানো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ। এটা গণতান্ত্রিক চর্চার মধ্যে পড়ে।”
