Published : 20 Oct 2013, 11:34 PM
নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা এগোবে কি না, তা খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পরই বলা যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
বিএনপির আপত্তি থাকলেও নির্বাচনকালীন সর্বদলীয় সরকার হলেও তাতে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রোববার গণভবনে এইচ এম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের জিজ্ঞাসায় চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।
বিরোধী দলের বয়কটের হুমকির মধ্যে দশম সংসদ নির্বাচন নিয়ে অনেকে অনিশ্চয়তা দেখছেন। নির্বাচনের তারিখ নিয়েও অনেকের মধ্যে সংশয় রয়েছে।
নির্বাচন কবে হবে- জানতে চাইলে আশরাফ বলেন, “অপেক্ষা করেন। আপনারা তো দেখতেই পারবেন। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রসেস শেষ হবে। আর, জানুয়ারির মধ্য দিকে নতুন সরকার দেখবেন।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর ফলে এখন আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। নির্বাচনের সময় ক্ষমতায় থাকবে শেখ হাসিনার সরকার এবং সংসদ বহাল থাকবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি। নইলে নির্বাচন বয়কট করে তা প্রতিহত করার ঘোষণাও রয়েছে বিরোধী দলের।
দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তা নিয়ে আলোচনার জন্য বিরোধী দলকে আহ্বান জানান।
ওই আলোচনার জন্য সাধারণ সম্পাদক আশরাফকেই দলীয় সভানেত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন।
ওই আলোচনার বিষয়ে জানতে চাইলে আশরাফ বলেন, “সংলাপটি নির্ভর করছে বিএনপি কী প্রতিক্রিয়া দেয়, তার ওপরে। তারা যদি প্রত্যাখ্যান করে, তাহলে তো আলোচনার বেসিস থাকবে না।শূন্য হাতে তো কোনো আলোচনা হয় না।”

সৈয়দ আশরাফুল ইসলাম
প্রধানমন্ত্রীর প্রস্তাব নিয়ে শনি ও রোববার দলীয় ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানবেন জানিয়ে রোববার তিনি বলেছেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা বিএনপির থাকলেও নির্বাচনকালে সর্বদলীয় মন্ত্রিসভা হলেও সরকারপ্রধানের দায়িত্বে শেখ হাসিনাকেই আওয়ামী লীগ চায় বলে আশরাফ জানান।
“অবশ্যই প্রধানমন্ত্রীই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। এ বিষয়ে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। উনি যদি না চান- সেটা ওনার বিষয়। তবে, দলের পজিশন উনিই প্রধানমন্ত্রী। ওনার টেনিওর তো শেষ হয়নি।”
“নির্বাচন না হলেও আগামী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী থাকবেন,” বলেন আশরাফ।
সংসদ রেখে, না সংসদ ভেঙে নির্বাচন হবে- জানতে চাইলে তিনি বলেন, “সেটা সময় হলেই দেখতে পাবেন, অপেক্ষা করেন।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশা করছেন, এখন ‘না’ বললেও বিএনপি নির্বাচনে আসবে।
“ঢাকার বাইরে যখন যাই, তখন তো বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পোস্টারই বেশি। আমার তো মনে হয়, বিএনপি নির্বাচনে না এসে পারবে না।”
বিএনপি নির্বাচনে না এলে অন্য দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সরকার হবে কি না- জানতে চাইলে আশরাফ বলেন, “অপেক্ষা করেন। কালই তো বোঝা যাবে।”